ছবি: সংবাদ সারাবেলা।
বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) প্রাতিষ্ঠানিক ও আইনি নিবন্ধনের দাবিতে চূড়ান্ত আন্দোলনে নেমেছেন দেশের চার বছর মেয়াদী ডেন্টাল ডিপ্লোমা চিকিৎসকেরা। নিজেদের ন্যায্য অধিকার ও পেশাগত সুরক্ষার তাগিদে তারা রাজধানী ঢাকায় এক বিশাল মহাসমাবেশ করেছেন এবং একই সাথে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী বরাবর তাদের দাবি সংবলিত স্মারকলিপি পেশ করেছেন।
বুধবার সকাল ১০ ঘটিকা থেকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে ‘বাংলাদেশ ডেন্টাল পরিষদ’-এর কেন্দ্রীয় কমিটির আহ্বানে এই মহাসমাবেশ ও বিক্ষোভ পদযাত্রা অনুষ্ঠিত হয়। পূর্বঘোষিত এই কর্মসূচিতে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত এবং বিভিন্ন ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) ডেন্টাল অনুষদ থেকে প্রায় পাঁচ সহস্রাধিক ডিপ্লোমাধারী চিকিৎসক ও অধ্যয়নরত শিক্ষার্থীরা ব্যানার ও ফেস্টুনসহ সমবেত হন।
-6a5777c6bb089.jpg)
মহাসমাবেশে সমবেত বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ডেন্টাল ডিপ্লোমা কোর্সটি সম্পূর্ণ রাষ্ট্রীয় উদ্যোগে পরিচালিত একটি স্বীকৃত শিক্ষাক্রম। রাষ্ট্র নিজেই এই ৪ বছর মেয়াদী চিকিৎসাবিদ্যার পাঠ্যসূচি নির্ধারণ করেছে, শিক্ষার্থী ভর্তি করেছে, নিয়মিত পরীক্ষা গ্রহণ ও সফলভাবে ক্লিনিক্যাল ইন্টার্নশিপ সম্পন্ন করিয়েছে। রাষ্ট্র কর্তৃক বৈধ শিক্ষা সনদ প্রদানের পাশাপাশি সরকারি হাসপাতাল ও বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে এই দক্ষ জনবলকে সরকারিভাবে নিয়োগও দেওয়া হয়েছে।
এমনকি স্বাস্থ্য অধিদপ্তর থেকে ডেন্টাল ডিপ্লোমাধারীদের জন্য ১০টি সুনির্দিষ্ট ডেন্টাল চিকিৎসার কর্মপরিধি (স্কোপ অব ওয়ার্ক) নির্ধারণ করে দেওয়া হয়েছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো, সরকারিভাবে এতসব সুযোগ ও স্বীকৃতি থাকা সত্ত্বেও বিএমডিসি তাদেরকে পেশাগত লাইসেন্স বা প্র্যাকটিস নিবন্ধন প্রদান করছে না। ফলে হাজার হাজার প্রশিক্ষিত ডেন্টাল ডিপ্লোমাধারী তরুণ বর্তমানে তীব্র কর্মসংস্থান সংকট, মারাত্মক সামাজিক ও পেশাগত বৈষম্য এবং এক চরম অনিশ্চিত ভবিষ্যতের দিকে ধাবিত হচ্ছেন।
সংগঠনের মহাসচিব লায়ন মুহাম্মদ কামাল তার বক্তব্যে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আন্তর্জাতিক সমস্যার কথা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, "আমাদের এই কোর্সের মূল নামকরণের সাথে বর্তমান আধুনিক সিলেবাসের কিছু কাঠামোগত অসংগতি রয়েছে। এর ফলে দেশের গণ্ডি পেরিয়ে যখন আমাদের শিক্ষার্থীরা উচ্চশিক্ষা বা বৈদেশিক কর্মসংস্থানের জন্য আবেদন করছেন, তখন তারা আন্তর্জাতিক পরিমণ্ডলে মারাত্মক প্রাতিষ্ঠানিক ও আইনি জটিলতার সম্মুখীন হচ্ছেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ইতিপূর্বে এই কোর্সের নাম সংশোধনের একাধিক উদ্যোগ গ্রহণ করলেও আমলাতান্ত্রিক ও অজ্ঞাত কোনো শক্তির কারণে তা আজ পর্যন্ত আলোর মুখ দেখেনি।"
সমাবেশে বিএমডিসির দ্বিমুখী নীতিমালার তীব্র সমালোচনা করে নেতৃবৃন্দ বলেন, সমমানের শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন মেডিকেল অ্যাসিস্ট্যান্টরা বিএমডিসি আইন-২০১০ এর ১৫ ধারা এবং ৫ম তফসীলের আওতাভুক্ত হয়ে অত্যন্ত অনায়াসে পেশাগত নিবন্ধন ও প্র্যাকটিসের সুযোগ পাচ্ছেন। শুধু তাই নয়, বিএমডিসি আইন-১৯৮০ এর ১৫(৩) ধারা অনুযায়ী প্রাতিষ্ঠানিক বা প্রাতিষ্ঠানিক চিকিৎসাবিদ্যার ডিগ্রি না থাকা সত্ত্বেও কেবল জীবিকা নির্বাহের মানবিক দিক বিবেচনা করে বিশাল এক জনগোষ্ঠীকে প্র্যাকটিস নিবন্ধন দেওয়া হয়েছে এবং তা এখনো নিয়মিত নবায়ন করা হচ্ছে।
অথচ সম্পূর্ণ প্রাতিষ্ঠানিক শিক্ষা সম্পন্নকারী ৪ বছর মেয়াদী ডেন্টাল ডিপ্লোমাধারীদের এই আইনি সুবিধা থেকে সম্পূর্ণ বঞ্চিত রাখা হচ্ছে। বক্তারা দাবি করেন, এই বিমাতাসুলভ আচরণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ১৯, ২৬, ২৭ এবং ৪০ এর সম্পূর্ণ পরিপন্থী ও নাগরিকদের মৌলিক অধিকারের লঙ্ঘন।
বিদ্যমান সংকট নিরসনে বাংলাদেশ ডেন্টাল পরিষদের পক্ষ থেকে সরকারের কাছে দুটি সুনির্দিষ্ট আইনি বিকল্প প্রস্তাব উপস্থাপন করা হয়েছে, বিএমডিসি আইন ২০১০ এর ৩৫ ধারার বিশেষ ক্ষমতা বলে অতিসত্বর তফশীল সংশোধন করে ডেন্টাল ডিপ্লোমাধারীদের অন্তর্ভুক্ত করতে হবে। অথবা, উক্ত আইনের ৩৬ ধারার অনুকূলে ৪ বছর মেয়াদী ডেন্টাল ডিপ্লোমাধারীদের স্বাধীন বা সীমিত প্র্যাকটিসের জন্য নতুন বিধিমালা বা প্রবিধানমালা প্রণয়ন করতে হবে।
বাংলাদেশ ডেন্টাল পরিষদের কেন্দ্রীয় সভাপতি মো. মোশাররফ হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিশাল সমাবেশে অন্যান্যদের মধ্যে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এমট্যাব) মহাসচিব বিপ্লবুজ্জামান, সিনিয়র যুগ্ম মহাসচিব দবির উদ্দিন খান তুষার, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান এবং যুগ্ম মহাসচিব আইনুল হকসহ বিভাগ ও জেলা পর্যায় থেকে আসা শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
