মৌলভীবাজারের রাজনগর উপজেলার একামধু বেড়িবাঁধ এলাকায় বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়ে ত্রাণসামগ্রী বিতরণ ও বিশেষ মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছে সিলেট রেঞ্জ পুলিশ| গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় উজিরপুর মৌজার একামধু গ্রামের বেরিবাঁধ এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর মাছে চাল,ডাল,তেল ও পেঁয়াজ সহ নিত্যপণ্য সামগ্রী তুলে দেন সিলেট রেঞ্জ পুলিশে ডিআইজি ড. মো. জিল্লুর রহমান|
সিলেট রেঞ্জ পুলিশ আয়োজিত এ মানবিক কার্যক্রমে এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম| এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. আনোয়ারুল হক, পুলিশ সুপার মুহাম্মদ শরিফুল ইসলাম এবং পুলিশ সুপার আমিনুল ইসলাম|
এ সময় বন্যাকবলিত ১০০টি পরিবারের মধ্যে চাল, ডাল, ভোজ্যতেল, পেঁয়াজ, লবণ, আলু, চিড়া, মুড়ি ও বিস্কুটসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়| পাশাপাশি মৌলভীবাজার পুলিশ লাইন্স হাসপাতালের চিকিৎসকদের তত্ত্বাবধানে বিশেষ মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়| ক্যাম্পে বন্যার্তদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান, ওষুধ, ওরস্যালাইন এবং বিশুদ্ধ পানির জন্য পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়|
এ সময় ডিআইজি ড. মো. জিল্লুর রহমান বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশ পুলিশের মানবিক দায়িত্ব| বন্যার্ত মানুষের দুর্ভোগ লাঘবে সিলেট রেঞ্জ পুলিশ সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে এবং এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে| ত্রাণ ও চিকিৎসাসেবা পেয়ে স্থানীয় বন্যার্তরা সিলেট রেঞ্জ পুলিশ ও মৌলভীবাজার জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন|