× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ছাত্র অধিকার পরিষদের জেলা সাধারণ সম্পাদকের অব্যাহতি দাবিতে নীলফামারীতে সংবাদ সম্মেলন

মো. সাইফুল ইসলাম, নীলফামারী

১৪ জুলাই ২০২৬, ১২:৩০ পিএম

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক মো. রাকিব হোসাইনের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, অর্থ আত্মসাৎ, পদ বাণিজ্য ও বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে তাকে পদ থেকে অব্যাহতির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন সংগঠনের একাংশের নেতাকর্মীরা।

সোমবার (১৩ জুলাই) বিকেল ৫টায় নীলফামারী রিপোর্টার্স ক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ নীলফামারী সদর উপজেলা শাখার সভাপতি মো. সোহেল রানা।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, সম্প্রতি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় প্রতিনিধি সভায় জেলা সাধারণ সম্পাদক মো. রাকিব হোসাইন নীলফামারী জেলা শাখা সম্পর্কে ‘মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন’ বক্তব্য দিয়ে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী প্রতিটি জেলা থেকে ১০ জন প্রতিনিধি নিয়ে সভায় অংশগ্রহণের কথা থাকলেও তিনি একজন প্রতিনিধিকেও নিয়ে যেতে পারেননি, যা তার সাংগঠনিক ব্যর্থতার প্রমাণ বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, জেলা সাধারণ সম্পাদক দীর্ঘদিন ধরে সংগঠনে একক আধিপত্য বজায় রেখে সাংগঠনিক কার্যক্রম বাধাগ্রস্ত করছেন। তার আচরণে জেলা শাখার অধিকাংশ নেতাকর্মী সংগঠনবিমুখ হয়ে পড়েছেন এবং সংগঠনের কার্যক্রম স্থবির হয়ে গেছে বলেও দাবি করা হয়।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলীয় প্রার্থীদের প্রচারণার জন্য সংগৃহীত অর্থ, রংপুর ও জলঢাকার গণসমাবেশ উপলক্ষে কেন্দ্র থেকে দেওয়া প্রায় ৪৫ হাজার টাকা এবং বিভিন্ন উপজেলা ইউনিটের যাতায়াত ও নাস্তা বাবদ বরাদ্দ অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া পদ বাণিজ্য, নারী-সংক্রান্ত বিতর্ক এবং দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগও উত্থাপন করা হয়।

সংবাদ সম্মেলন থেকে মো. রাকিব হোসাইনকে নীলফামারী জেলা ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হয়। একই সঙ্গে তাকে জেলা সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি দিতে কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়ে ৭ দিনের আল্টিমেটাম দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ না করলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সদর উপজেলা ছাত্র অধিকার পরিষদের সদস্য ইশতিয়াক চৌধুরী, রাব্বী চৌধুরী, রিফাত ইসলাম এবং জলঢাকা উপজেলা শাখার সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রব্বানী নিরবসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

প্রসঙ্গত, সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগগুলো অভিযোগকারী পক্ষের বক্তব্য। এ বিষয়ে অভিযুক্ত জেলা সাধারণ সম্পাদক মো. রাকিব হোসাইনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.