× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিশ্ব জনসংখ্যা দিবসে ঝিনাইগাতীতে সচেতনতামূলক আলোচনা ও সম্মাননা প্রদান

আতিকুর রহমান খান, ঝিনাইগাতী (শেরপুর)

১২ জুলাই ২০২৬, ১৮:৩৫ পিএম

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে জনসংখ্যা ব্যবস্থাপনা, পরিবার পরিকল্পনা এবং তরুণদের সচেতনতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রাণী ভৌমিক। সঞ্চালনার দায়িত্ব পালন করেন আব্দুর রশিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সাহা, উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. জুনিয়র তাহের রেনেসা এবং উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজাহান আকন্দ। এছাড়াও বক্তব্য রাখেন কাংশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, নলকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুকনুজ্জামান, ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক এবং সাংবাদিক গোলাম রব্বানী টিটু।

এ বছরের প্রতিপাদ্য **"তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি"** তুলে ধরে বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়নে পরিকল্পিত পরিবার গঠন, জনসংখ্যা ব্যবস্থাপনা এবং তরুণ প্রজন্মকে সচেতন করে তোলার কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানের শেষপর্বে পরিবার পরিকল্পনা কার্যক্রমে উল্লেখযোগ্য অবদান রাখা মাঠপর্যায়ের কর্মীদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। একই সঙ্গে উপজেলার শ্রেষ্ঠ ইউনিয়ন হিসেবে স্বীকৃতি পাওয়ায় নলকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছেও সম্মাননা স্মারক ও সনদ হস্তান্তর করেন অতিথিরা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.