× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফরিদপুরে নববধূর হাতে মেহেদি রং না মুছতেই মালয়েশিয়ায় কর্মক্ষেত্রে স্বামীর মৃত্যু

মো. রফিকুল ইসলাম, ভাঙ্গা (ফরিদপুর)

১১ জুলাই ২০২৬, ২০:১২ পিএম

অভাবী পরিবারের মুখে হাসি ফোটাতে সুখের আশায় ৩ বছর আগে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন ফরিদপুরের সালথা উপজেলার যুবক মো. শোয়াইব বিশ্বাস (২৩)। দেশে ফিরে মাত্র দুই মাস আগে বিয়ে করেন। কিন্তু সংসারের স্বপ্ন পূরণের আগেই জীবিকার তাগিদে আবার মালয়েশিয়ায় ফিরে যান। সেখানে কর্মস্থলেই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি।

নিহত শোয়াইব বিশ্বাস ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মুরুটিয়া গ্রামের মো. শওকত বিশ্বাসের ছেলে। পাঁচ ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন সেজো।

শনিবার (১১ জুলাই) সকালে শোয়াইবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার পরিবারের সদস্যরা।

পরিবার সূত্রে জানা গেছে, ২০২৩ সালে জীবিকার সন্ধানে মালয়েশিয়ার কুয়ালালামপুরে একটি কোম্পানিতে চাকরি নেন শোয়াইব। দীর্ঘদিন সেখানে কাজ করার পর চলতি বছরের এপ্রিলে ছুটিতে দেশে আসেন। দেশে অবস্থানকালে প্রায় দুই মাস আগে বিয়ে করে। ছুটি শেষে গত ১ জুলাই আবার মালয়েশিয়ায় ফিরে যান।

পরে মালয়েশিয়ার জহুরবারু এলাকায় একটি নির্মাণাধীন ভবনে কনস্ট্রাকশন কোম্পানির অধীনে বুম ক্রেনের সহায়তায় ফায়ার ফাইটিং পাইপ স্থাপনের কাজ করছিলেন। শুক্রবার সকালে কাজ করার সময় বুম ক্রেনের চাপায় গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শোয়াইবের আকস্মিক মৃত্যুর খবরে পুরো পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। নববধূসহ স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে গ্রামের পরিবেশ।

এলাকাবাসী ও পরিবারের সদস্যরা জানান, তারা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত শোয়াইবের মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেছেন, যাতে পরিবারের সদস্যরা শেষবারের মতো তাকে দেখতে পারেন এবং নিজ গ্রামের মাটিতে দাফন সম্পন্ন করতে পারেন। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.