লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আক্তার হোসেন মিলন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। আজ বৃহস্পতিবার (৯ জুলাই) জেলা জামায়াতের সেক্রেটারি এ আর হাফিজ উল্যা বিষয়টি নিশ্চিত করেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার (৮ জুলাই) সন্ধ্যায় হাজিরহাট হামিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সদস্যপদের ফরম পূরণের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দেন। পরে জামায়াতের স্থানীয় ও জেলা নেতৃবৃন্দ তাঁকে ফুল দিয়ে দলে স্বাগত ও শুভেচ্ছা জানান।
জামায়াতের স্থানীয় নেতারা জানান, আক্তার হোসেন মিলন দীর্ঘ সময় ধরে হাজিরহাট ইউনিয়ন আওয়ামী লীগের রাজনীতির সাথে ওতোপ্রোতোভাবে সম্পৃক্ত ছিলেন এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তাঁর হঠাৎ এই দলবদল এবং নতুন রাজনৈতিক দলে যোগদানকে কেন্দ্র করে উপজেলার রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
কমলনগর উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা হুমায়ুন কবির বলেন, "আক্তার হোসেন মিলন সম্পূর্ণ স্বেচ্ছায় ও স্বজ্ঞানে জামায়াতে ইসলামীর সদস্যপদ গ্রহণ করেছেন। দলের সুশৃঙ্খল আদর্শ এবং সাংগঠনিক কার্যক্রমের প্রতি গভীর আগ্রহ প্রকাশ করেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।"
যোগদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে লক্ষ্মীপুর জেলা জামায়াতের সেক্রেটারি এ আর হাফিজ উল্যা, হাজিরহাট হামিদিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা জায়েদ হোসাইন ফারুকী, মাতাব্বরনগর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আলী হোসাইনসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জামায়াতে যোগ দেওয়ার বিষয়ে জানতে চাইলে আক্তার হোসেন মিলন বলেন, "বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক আদর্শ ও তাদের কর্মপদ্ধতির প্রতি গভীর বিশ্বাস থেকেই আমি এই সদস্যপদ গ্রহণ করেছি। এর পেছনে আমার ব্যক্তিগত কোনো স্বার্থ বা অন্য কোনো উদ্দেশ্য নেই; কেবল নিজের রাজনৈতিক বিশ্বাসের জায়গা থেকেই আমি এই নতুন সিদ্ধান্ত নিয়েছি।"