রাজধানীর দক্ষিণখানে দুই বছরের এক কন্যাসন্তানকে ধর্ষণের অভিযোগ উঠেছে দশ বছরের আরেক শিশুর বিরুদ্ধে। মুমূর্ষু অবস্থায় ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ সোমবার (৬ জুলাই) দুপুরে দক্ষিণখানের কাওলা শেখ বাড়ির হাজী উদ্দিনের ভাড়া বাসায় এই লোমহর্ষক ঘটনা ঘটে। ভুক্তভোগী ও অভিযুক্ত দুই শিশুই ওই এলাকার বাসিন্দা।
ভুক্তভোগী শিশুটির পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শিশুটির মা স্থানীয় বিভিন্ন বাসা-বাড়িতে গৃহকর্মীর কাজ করেন। দুপুরে তিনি তাঁর দুই বছরের মেয়েকে ঘরে ঘুমন্ত অবস্থায় রেখে কাজের উদ্দেশ্যে বাইরে যান। কাজ শেষে বিকেলে বাসায় ফিরে তিনি বিছানার ওপর মেয়েকে রক্তাক্ত ও বিবস্ত্র অবস্থায় পড়ে থাকতে দেখেন।
হাসপাতালে নিয়ে আসা ভুক্তভোগী শিশুটির মামা জানান, "আমার বোন ভাগ্নিকে ঘরে রেখে কাজে গিয়েছিল। ফিরে এসে দেখে ভাগ্নির শরীর থেকে রক্ত ঝরছে। পরে তাকে জিজ্ঞেস করা হলে সে ইশারা-ইঙ্গিতে জানায় যে পাশের বাসার ওই ছেলেটি তার এই অবস্থা করেছে।"
স্থানীয় বাসিন্দারা জানান, ঘটনাটি জানাজানি হওয়ার পর ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত ১০ বছরের শিশুটিকে আটকে রেখে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে তাকে নিজেদের হেফাজতে নেয়।
অপরদিকে, ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটিকে রক্তাক্ত অবস্থায় বিকেলে হাসপাতালে আনা হয়। বর্তমানে সে জরুরি বিভাগের ২১২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট দক্ষিণখান থানা পুলিশকে অবহিত করা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সূত্র: এশিয়া পোস্ট