নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ট্রাস্টি বোর্ড ২০২৬–২০২৭ মেয়াদের জন্য জনাব আজিজ আল কায়সার-কে নর্থ সাউথ ইউনিভার্সিটি ট্রাস্টের চেয়ারম্যান হিসেবে মনোনীত করেছে।
জনাব আজিজ আল কায়সারকে পুনরায় চেয়ারম্যান হিসেবে মনোনয়ন দেওয়ার মাধ্যমে তাঁর নেতৃত্ব, কৌশলগত দূরদর্শিতা এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির উন্নয়নে তাঁর অব্যাহত অবদানের প্রতি বোর্ডের আস্থার প্রতিফলন ঘটেছে।
তাঁর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ে সুশাসন, প্রাতিষ্ঠানিক উন্নয়ন, শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। স্বচ্ছতা, জবাবদিহিতা, উদ্ভাবন এবং টেকসই প্রাতিষ্ঠানিক উন্নয়নের প্রতি তাঁর অঙ্গীকার বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য ও অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করেছে।
নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্যবৃন্দ, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা তাঁকে চেয়ারম্যান হিসেবে তাঁর দায়িত্ব অব্যাহত রাখায় আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে তাঁর সফল নেতৃত্বে বিশ্ববিদ্যালয় তার কৌশলগত লক্ষ্য অর্জনের পাশাপাশি দেশ-বিদেশে একটি শীর্ষস্থানীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আরও সুনাম অর্জন করবে বলে তারা আশা প্রকাশ করেছেন।
এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়ে জনাব আজিজ আল কায়সার বলেন, “নর্থ সাউথ ইউনিভার্সিটি দীর্ঘদিনের দূরদর্শী নেতৃত্ব, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের ফল। বোর্ড আমার ওপর আবারও আস্থা রাখায় আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। এনএসইউ পরিবারের সবাইকে সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, উদ্ভাবন এবং আন্তর্জাতিক সহযোগিতাকে আরও এগিয়ে নিতে কাজ করে যাব।”
বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যানকে শুভেচ্ছা জানিয়ে এনএসইউ উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, “নর্থ সাউথ ইউনিভার্সিটি পরিবারের পক্ষ থেকে বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব অব্যাহত থাকায় জনাব আজিজ আল কায়সারকে আন্তরিক অভিনন্দন। তাঁর নেতৃত্ব এনএসইউকে শিক্ষা, গবেষণা ও বৈশ্বিক সহযোগিতার ক্ষেত্রে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
জনাব আজিজ আল কায়সার একজন সফল ব্যবসায়ী ও শিক্ষানুরাগী ব্যক্তি। তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সদস্য ও বোর্ড অব ট্রাস্টিজের সাবেক চেয়ারম্যান প্রয়াত জনাব এম. এ. হাশেমের পুত্র। এছাড়াও জনাব এম. এ. হাশেম ছিলেন দেশের বিশিষ্ট শিল্পোদ্যোক্তা, জাতীয় সংসদের সাবেক সদস্য, এবং পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা। বাবার দেখানো পথ অনুসরণ করে আজিজ আল কায়সারও দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত। এর পাশাপাশি তিনি বর্তমানে পারটেক্স স্টার গ্রুপের চেয়ারম্যান এবং সিটি ব্যাংক পিএলসির সদ্য সাবেক চেয়ারম্যান।
তিনি দীর্ঘদিন ধরে এনএসইউর বোর্ড অব ট্রাস্টিজের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। কর্পোরেট খাতে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা এবং উচ্চশিক্ষার উন্নয়নে অঙ্গীকার বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
