চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্র সংসদের (চাকসু) উদ্যোগে এবং চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের সার্বিক সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের জন্য দিনব্যাপী একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে সেবা নিয়েছেন সহস্রাধিক শিক্ষার্থী।
বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
মেডিসিন, নিউট্রিশন, গাইনোকলজি ও ডার্মাটোলজি—এই চারটি বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকেরা শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা প্রদান করেন। পাশাপাশি প্রেসক্রিপশন অনুযায়ী প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়।
সকাল ১০টায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম এবং চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের বোর্ড অব ডিরেক্টরসের সদস্য আমেনা শাহীন। মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক ডা. একেএম ফজলুল হক।
এ সময় আরও উপস্থিত ছিলেন চাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সাঈদ বিন হাবিব, এজিএস আইয়ুবুর রহমান তৌফিক, ছাত্রী কল্যাণ সম্পাদক নাহিমা আক্তার দীপা এবং সহ-ছাত্রী কল্যাণ সম্পাদক জান্নাতুল ফেরদাউস রিতা।
উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন বলেন, “চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল ও চাকসুর যৌথ উদ্যোগ প্রশংসার দাবিদার। বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান চিকিৎসাসেবায় সব ধরনের প্রয়োজন পূরণ করা সম্ভব হয় না। বিশেষ করে ছাত্রীদের স্বাস্থ্যগত সমস্যার দ্রুত সমাধান নিশ্চিত করা জরুরি।” তিনি শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. একেএম ফজলুল হক বলেন, “চাকসুর উদ্যোগে এর আগেও আমরা একটি মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছি। ভবিষ্যতে একটি বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমাদের চুক্তির আওতায় শিক্ষার্থীদের বিভিন্ন পরীক্ষায় সর্বোচ্চ ৫০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে।”
চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি বলেন, “নির্বাচনের পর থেকে শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণে আমরা নিরলসভাবে কাজ করছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমাদের অনুরোধ, প্রতি বছর নিয়মিত চাকসু নির্বাচন আয়োজন করা হোক। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারকে আরও আধুনিক ও কার্যকর করে গড়ে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত।”