ছবি: সংবাদ সারাবেলা।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কৃতি ক্রীড়াবিদদের সাফল্যের স্বীকৃতি প্রদান এবং ভবিষ্যৎ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে বাহিনীর কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা ও প্রাইজমানি প্রদান অনুষ্ঠান এবং ৯ম জাতীয় বেসবল টুর্নামেন্ট-২০২৬-এর সমাপনী অনুষ্ঠান আজ রবিবার গাজীপুরের সফিপুরে অবস্থিত আনসার ও ভিডিপি একাডেমিতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোঃ আমিনুল হক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। প্রধান অতিথি বলেন দেশের প্রান্তিক পর্যায়ে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জাতীয় ক্রীড়াঙ্গনে দক্ষ ও প্রতিভাবান খেলোয়াড় তৈরির ক্ষেত্রে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একদিকে শৃঙ্খলা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দেশের প্রান্তিক পর্যায়ে নিরাপত্তা নিশ্চিত করছে, অন্যদিকে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনেও দেশের জন্য গৌরব বয়ে আনছে। তিনি বলেন, কৃতি খেলোয়াড়দের এই সম্মাননা তাদের কঠোর পরিশ্রম, আত্মত্যাগ ও দেশপ্রেমের যথার্থ স্বীকৃতি। এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে খেলাধুলায় আরও উদ্বুদ্ধ করবে এবং দেশের জন্য নতুন সাফল্য অর্জনে অনুপ্রাণিত করবে।
অনুষ্ঠানে কাবাডি, উশু, বক্সিং, টেবিল টেনিস, কারাতে, ভলিবল, ব্যাডমিন্টন ও ভারোত্তোলনসহ বিভিন্ন ডিসিপ্লিনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী ২৩ জন খেলোয়াড়ের হাতে সম্মাননা ও প্রাইজমানি তুলে দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে মাননীয় প্রতিমন্ত্রী আনসার ও ভিডিপি একাডেমির খেলার মাঠে আয়োজিত ৯ম জাতীয় বেসবল টুর্নামেন্ট-২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে যোগ দেন। এ সময় তিনি দেশে বেসবল খেলার বিকাশে আনসার-ভিডিপির ধারাবাহিক অবদান এবং সফলভাবে টুর্নামেন্ট আয়োজনের প্রশংসা করেন। পরে তিনি চ্যাম্পিয়ন বাংলাদেশ পুলিশ বেসবল দলের অধিনায়কের হাতে বিজয়ী ট্রফি তুলে দেন।
সমাপনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার তরুণ প্রজন্মের মেধা, শৃঙ্খলা ও সুস্থ মানসিক বিকাশে শিক্ষার পাশাপাশি খেলাধুলাকেও সমান গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, বেসবলের মতো সম্ভাবনাময় খেলাকে রাজধানীকেন্দ্রিক না রেখে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় ছড়িয়ে দিতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করছে, যা তৃণমূল পর্যায় থেকে নতুন প্রতিভা বিকাশ এবং আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ তৈরির সুযোগ সম্প্রসারিত করবে।
উক্ত অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, ক্রীড়া মাদকমুক্ত, শৃঙ্খলাবদ্ধ ও মূল্যবোধসম্পন্ন যুবসমাজ গঠনের অন্যতম কার্যকর মাধ্যম। তৃণমূল পর্যায় থেকে প্রতিভা অন্বেষণ এবং আন্তর্জাতিক মানের খেলোয়াড় গড়ে তোলার সরকারি উদ্যোগে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী গর্বিত অংশীদার হিসেবে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, দেশের সর্ববৃহৎ তৃণমূলভিত্তিক বাহিনী হিসেবে আনসার-ভিডিপি বিকেএসপির সহযোগিতায় প্রতিভাবান খেলোয়াড় তৈরি ও তাদের দক্ষতা বিকাশে ধারাবাহিকভাবে কাজ করছে। বাহিনীর অসংখ্য খেলোয়াড় ইতোমধ্যে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের স্বাক্ষর রেখে দেশের জন্য সুনাম বয়ে এনেছেন।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দীর্ঘদিন ধরে ক্রীড়া উন্নয়ন, প্রতিভা লালন এবং জাতীয় ও আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কৃতি খেলোয়াড়দের সম্মাননা প্রদান এবং ৯ম জাতীয় বেসবল টুর্নামেন্টের সফল আয়োজন দেশের ক্রীড়াঙ্গনে বাহিনীর বহুমাত্রিক অবদানের আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত। ভবিষ্যতেও আনসার-ভিডিপি তৃণমূল পর্যায় থেকে প্রতিভা বিকাশ, ক্রীড়া সংস্কৃতির প্রসার এবং আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরির মাধ্যমে সরকারের ক্রীড়া উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে নিবেদিতভাবে কাজ করে যাবে।
অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশিদ, আনসার ও ভিডিপি একাডেমির কমান্ড্যান্ট ও উপমহাপরিচালক মোঃ সাইফুল্লাহ রাসেল, বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ক্রীড়া সংগঠক, প্রশিক্ষক, খেলোয়াড় এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
