জলবায়ুর ভারসাম্য রক্ষা ও পরিবেশের উন্নয়নে খাগড়াছড়ির মাটিরাঙ্গা কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ মাঠে এক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
প্রধানমন্ত্রী ঘোষিত দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়।
আজ রবিবার (২৮ জুন) সকালে কলেজ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাটিরাঙ্গা কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ও মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল।
বৃক্ষরোপণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য (অর্থ ও প্রশাসন) যুগ্ম সচিব সুমন বড়ুয়া
এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, প্রদীপ কুমার দাশ, মাটিরাঙ্গা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইমাম উদ্দিন, মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক নুরুল আফছার, খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সদস্য মোহাম্মদ দিদার হোসেন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরিবেশের সার্বিক সুরক্ষার কথা চিন্তা করে এ কর্মসূচির আওতায় কলেজ প্রাঙ্গণের বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির বিভিন্ন গাছের চারা রোপণ করা হয়।
উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মাটিরাঙ্গা কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি শাহজালাল কাজল বলেন, "জলবায়ুর ভারসাম্য রক্ষা এবং পরিবেশের উন্নয়নে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকারের ঘোষিত '৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ' কর্মসূচি বাস্তবায়নে আমাদের সমিতি প্রতিশ্রুতিবদ্ধ। এরই ধারাবাহিকতায় আগামীতেও বিভিন্ন এলাকায় এ ধরনের বৃক্ষরোপণ এবং রোপিত চারাগুলোর যথাযথ পরিচর্যা কার্যক্রম অব্যাহত রাখা হবে।"