× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রংপুরে আত্মহত্যা প্ররোচনা মামলায় অভিযুক্ত মেডিকেল শিক্ষার্থী সাকিনের একদিনের রিমান্ড মঞ্জুর

কামরুল হাসান টিটু, রংপুর ব্যুরো

২৮ জুন ২০২৬, ১৭:৫০ পিএম

রংপুরে শিক্ষার্থী নুজশাত জাহান আত্মহত্যা প্ররোচনার আলোচিত মামলায় অভিযুক্ত মেডিকেল শিক্ষার্থী শাহরিয়ার আহমেদ সাকিনের একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রবিবার (২৮ জুন) সকালে কারাগার থেকে সাকিনকে আদালতে নেয়া হয়। 

রংপুর অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ড. মুহাম্মদ রাশেদ হোসাইনের কাছে মামলার তদন্তকারী কর্মকর্তা রফিকুল ইসলাম রফিক সাকিনের তিন দিনের রিমান্ড আবেদন করেন। অপরদিকে সাকিনের আইনজীবিরা তার জামিনের আবেদন করেন। এ সময় আদালতের কাছে পুলিশ গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র উপস্থাপন করলে আদালতের বিচারক আগামী ৩ দিনের যে কোন একদিন জিজ্ঞাসাবাদের জন্য সাকিনের একদিনের রিমান্ড মঞ্জুর করেন এবং জামিন আবেদন নাকোচ করেন। পরে পুলিশী নিরাপত্তার মধ্য দিয়ে সাকিনকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

বাদী পক্ষের আইনজীবি আবু হায়দার মোঃ আব্দুল মুবিন বলেন, মামলার উপাদান, মোবাইলের তথ্য প্রমাণ বিশ্লেষণ করে মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে উপস্থাপন করে রিমান্ডের আবেদন করেন। আদালত আজ সাকিনের একদিনের রিমান্ড মঞ্জুর করেছে। গত ১৬ জুন সাকিন রাত সাড়ে ৩টার দিকে নুজশাতকে মোবাইলে ফোন করে দীর্ঘ ৫০ মিনিট ১২ সেকেন্ড কথা বলে। গত তিন মাসে ১১৮ বার তাদের মোবাইল ফোনে কথা হয় এবং ম্যাসেজ আদান-প্রদান করা হয়। গভীর রাতে এত দীর্ঘক্ষণ কোন ছাত্রীর সাথে শিক্ষকের কথা হতে পারে না।

বিবাদীর আইনজীবি আব্দুল কাইয়ুম মন্ডল বলেন, ৩০৬ ও ১০৯ ধারায় মামলা করার জন্য এজাহারে যে উপাদান থাকতে হয়, তার কিছুই নেই। পুলিশের কাছে দুটি মোবাইল ফোনই ছিল। তারা তথ্য প্রযুক্তির ব্যবহার করে সকল ধরনের তথ্য বের করতে পারবে। এর জন্য রিমান্ডের কোন প্রয়োজন পড়ে না। আমরা সাকিনের জামিন আবেদন করেছিলাম। আদালত যেহেতু একদিনের রিমান্ড মঞ্জুর করেছে, তাই আমাদের আবেদন নাকোচ করেছে। রিমান্ড শেষে পুনরায় জামিনের আবেদন করা হবে।

উল্লেখ্য, গত ২২ জুন বিকেলে নগরীর নর্থভিউ হোটেলের ছাদ থেকে পড়ে মারা যান এইচএসসি পরীক্ষার্থী নুজশাত জাহান। এ ঘটনায় পরের দিন রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় আত্মহত্যা প্ররোচনার মামলা করেন নুজশাতের বাবা নজরুল ইসলাম। এ ঘটনায় ওই দিনই অভিযুক্ত রংপুর মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের ছাত্র ও নুজশাতের প্রাইভেট শিক্ষক শাহরিয়ার আহমেদ সাকিনকে গ্রেফতার করে পুলিশ। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.