ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে পরিত্যক্ত একটি ব্যাগ থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি এবং ভারতীয় ESKUF সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৮ বিজিবি)।
আজ রোববার (২৭ জুন) ভোরে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধীনস্থ সামন্তা বিওপির সুবেদার মো. ওমর আলীর নেতৃত্বে একটি টহল দল সীমান্তের ৫৭/১-এস পিলার এলাকায় অভিযান পরিচালনা করে।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানের সময় দুইজন সন্দেহভাজন চোরাকারবারিকে ধাওয়া করলে তারা সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলের কাছে বেলেঘাটা গ্রামের মো. মনতাজ আলীর পুকুরের উত্তর পাশের জলাশয়ে ফেলে যাওয়া একটি সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগ উদ্ধার করা হয়।
ব্যাগটি তল্লাশি করে একটি কার্টনের ভেতর থেকে ইতালিতে তৈরি দুটি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন, ৬ রাউন্ড গুলি এবং ভারতীয় ২৪ বোতল ESKUF সিরাপ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও ESKUF সিরাপ মহেশপুর থানায় জিডির মাধ্যমে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি জানিয়েছে।