জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে নীলফামারীতে সাংবাদিক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পেইনের আওতায় জেলার ৩ লাখ ৭ হাজার ২৬২ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বুধবার (২৪ জুন) দুপুরে জেলা ইপিআই ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালায় এ তথ্য জানান নীলফামারীর সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক।
তিনি বলেন, আগামী ২৮ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার ছয়টি উপজেলা ও চারটি পৌরসভায় একযোগে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিচালিত হবে। এ কর্মসূচির আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী ৩১ হাজার ৪০৯ জন শিশুসহ ১০৫ জন প্রতিবন্ধী শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৭৫ হাজার ৮৫৩ জন শিশুসহ ২৭৬ জন প্রতিবন্ধী শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
সিভিল সার্জন জানান, শিশুর দৃষ্টিশক্তি সুরক্ষা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং অপুষ্টিজনিত ঝুঁকি কমাতে ভিটামিন ‘এ’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এজন্য নির্ধারিত বয়সের সব শিশুকে নিকটস্থ কেন্দ্রে নিয়ে গিয়ে ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, ক্যাম্পেইন সফল করতে জেলার স্বাস্থ্য বিভাগ প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। স্বাস্থ্যকর্মী, পরিবার পরিকল্পনা কর্মী, স্বেচ্ছাসেবক ও সংশ্লিষ্টদের সমন্বয়ে কেন্দ্রগুলো পরিচালিত হবে। পাশাপাশি গণমাধ্যমের সহযোগিতায় ব্যাপক জনসচেতনতা সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে।
কর্মশালায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা ক্যাম্পেইনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এ সময় জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য বিভাগ আশা করছে, অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণ ও গণমাধ্যমের সহযোগিতায় নীলফামারীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়িত হবে এবং শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে।