× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আনসার সদস্যদের তৎপরতায় চোর চক্রের সদস্য আটক, পুলিশের নিকট সোপর্দ*

২১ জুন ২০২৬, ১৭:১২ পিএম

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত অঙ্গীভূত আনসার সদস্যদের সতর্কতা, সাহসিকতা ও তাৎক্ষণিক তৎপরতায় চোর চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে। পরবর্তীতে তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের নিকট সোপর্দ করা হয়।

গত ১৯ জুন ২০২৬ (শুক্রবার) রাত আনুমানিক ১০টা ৪০ মিনিটে হাসপাতালের পুরাতন ভবনের ৫ম তলার ২১ নম্বর শিশু ওয়ার্ডে এক রোগীর স্বজনের ব্যাগ থেকে সুকৌশলে একটি মোবাইল ফোন চুরি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে চোর চক্রের কয়েকজন সদস্য। ঘটনার সময় ভুক্তভোগী বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে চোর চক্রের সদস্যরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালানোর চেষ্টা করে। বিষয়টি জানতে পেরে হাসপাতালে টহলরত আনসার সদস্যরা তাৎক্ষণিকভাবে তাদের ধাওয়া করেন।

আনসার সদস্যদের দ্রুত ও সাহসী ধাওয়ার মুখে চক্রের কয়েকজন সদস্য অন্ধকার ও ভিড়ের সুযোগে পালিয়ে যেতে সক্ষম হলেও পুরাতন ভবনের ৫ম তলার গেইট সংলগ্ন এলাকা থেকে মোঃ সোহেল মিয়া (২৭) নামে এক ব্যক্তিকে আটক করতে সক্ষম হন আনসার সদস্যরা। প্রাথমিক তল্লাশিতে তার কাছ থেকে চুরি হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, মোবাইল ফোনটি চক্রের অন্য এক সদস্যের কাছে ছিল, যিনি পালিয়ে যেতে সক্ষম হন।

পরবর্তীতে আটককৃত ব্যক্তিকে আনসার সদস্যরা নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি চুরির ঘটনায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন। এরপর বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করা হলে তাদের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে সদর থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়।

এই অভিযানে নেতৃত্ব দেন পিসি মোঃ ফারুক হোসেন। অভিযানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন আনসার সদস্য মোঃ আফজাল হোসেন এবং মোঃ নজরুল ইসলাম। তাদের সাহসিকতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীল পদক্ষেপের ফলে চোর চক্রের এক সদস্যকে আটক করা সম্ভব হয়েছে এবং হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ আনসার সদস্যদের দায়িত্বশীলতা, সতর্কতা ও তাৎক্ষণিক তৎপরতার ভূয়সী প্রশংসা করেন। তারা জানান, আনসার সদস্যদের দ্রুত পদক্ষেপের ফলে অভিযুক্ত ব্যক্তিকে আটক করা সম্ভব হয়েছে এবং হাসপাতালের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও কার্যকর হয়েছে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মহোদয়ের দিকনির্দেশনায় বাহিনীর সদস্যরা দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা, হাসপাতাল ও জনসেবামূলক প্রতিষ্ঠানে নিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ প্রতিরোধ এবং জনসেবায় সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চোর চক্রের সদস্য আটক করার এ ঘটনাটি বাহিনীর সতর্কতা, সাহসিকতা ও জননিরাপত্তা রক্ষায় অঙ্গীকারের আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.