প্রবল বৃষ্টি উপেক্ষা করে পথে পথে নিচ্ছিদ্র নিরাপত্তা বলয়ের মধ্যদিয়ে মৌলভীবাজারে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৭ জুন) দুপুর সাড়ে ১২ টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী বাস সহ গাড়ি বহর মৌলভীবাজার শহর অতিক্রম করে শ্রীমঙ্গলের পথে যাত্রা শুরু করেছে।
এর আগে সকাল সাড়ে ১০ টায় প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমান বাংলাদেশ এয়ারলাইনস এর একটি ফ্লাইট। এর পর বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে প্রধানমন্ত্রীর গাড়ি বহর শ্রীমঙ্গলের পথে সিলেট-ফেঞ্ছুগঞ্জ সড়ক হয়ে মৌলভীবাজার শহরে পৌঁছান।
বুধবার শ্রীমঙ্গল পৌঁছে দুপুর দেড়টার দিকে স্থানীয় ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমান উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ১৫৫ জন সুবিধাবঞ্চিত পরিবারের হাতে তুলে দিবেন ফ্যামিলি কার্ড।
এর পর দুপুর আড়াইটার দিকে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সমাজকল্যাণ মন্ত্রণালয় আয়োজিত সুবিধাবঞ্চিত পরিবারের সদস্যদের মাঝে তৃতীয় ধাপের ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি । সেখানে রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ১৫২ জন সুবিধাবঞ্চিত পরিবারের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিবেন প্রধানমন্ত্রী।
সমাজকল্যাণ মন্ত্রী ডা: এ জেড এম জাহিদ হোসেন এমপি এর সভাপতিত্বে সেখানে স্বাগত বক্তব্য রাখবেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউসুফ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন ও মৌলভীবাজার-৩ আসন এর সংসদ সদস্য এম নাসের রহমান এমপি।