৬-১২ জুন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইনস্ট্রিমিং (ক্রিম) প্রকল্প এবং এর আওতাধীন ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টার (ক্রিলিক) এর তহবিল প্রদানকারী সংস্থা গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ)-এর রিজিওনাল টিম মিশন সম্পন্ন করেছে। মিশন প্রতিনিধি দল বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থা সমূহের এবং সাতক্ষীরা জেলা প্রশাসনের (ডিসি অফিস)-এর সঙ্গে বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকসমূহে জলবায়ু অর্থায়ন, জলবায়ু বিনিয়োগ, সম্ভাব্য প্রকল্প উন্নয়ন, প্রকল্প পাইপলাইন সম্প্রসারণ এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ)-এর রিজিওনাল ম্যানেজার মিস ডায়ান জেগাম এর নেতৃত্বে মিশনের অন্য সদস্য হলেন ক্লাইমেট ইনভেস্টমেন্ট প্রিন্সিপাল জিসিএফ ড. বাপন ফখরুদ্দিন।
জিসিএফ রিজিওনাল মূল্যায়ন মিশন ৯-১০ জুন সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সভায় যোগ দেন এবং জিসিএফ-এর অর্থায়নে বাস্তবায়নাধীন প্রকল্প এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তারা উপকূলীয় অঞ্চলের বাস্তবায়িত জলবায়ু অভিযোজন কার্যক্রম, জীবিকা উন্নয়ন কার্যক্রম, দুর্যোগসহনশীল অবকাঠামো এবং অন্যান্য জলবায়ু সহনশীল উদ্যোগ সম্পর্কে সরেজমিনে অবহিত হন।
পরিদর্শনকালে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এর যুগ্মসচিব ড. কাজী শাহজাহান, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এর সিনিয়র সহকারী সচিব জনাব মো: আসসাদিকজামান, ক্রিম প্রকল্পের প্রকল্প পরিচালক মো. আব্দুল খালেক, নির্বাহী প্রকৌশলী মেহমুদ মুরশেদ উল আল আমিন, কেএফডব্লিউ এর আরবান পোর্টফোলিও কো-অর্ডিনেটর এস কে তৌহিদুর রহমান এবং জিসিএফ-এর লিয়াজোঁ অফিসার জুয়েল মাহমুদ উপস্থিত ছিলেন। এসময় আরও উপস্থিত ছিলেন পৌরসভা ও এলজিইডির কর্মকর্তাগণ।