গত কয়েকমাস যাবত হবিগঞ্জ বাস মালিক সমিতি ও মৌলভীবাজার বাস মালিক সমিতির মধ্যে ফিটনেস বিহীন অবৈধ বাস চলাচল বন্ধে বিরোধ ও টানাপোড়েন প্রকট আকার ধারণ করেছিল। বিষয়টি নিয়ে দুই জেলার পরিবহন মালিক ও শ্রমিকদের মধ্যে বেশ উত্তেজনা দেখা দেয়। এমন কি দুই জেলাই সড়ক অবরোধ সহ নানা কর্মসূচি চলে আসছিল। এক পর্যায়ে মৌলভীবাজার হয়ে সিলেটে হবিগঞ্জ বাস চলাচল বন্ধ হয়ে যায়।
অবশেষে জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব জি. কে. গউছ এমপি এর মধ্যস্থতায় ও সিলেট বিভাগের বিভিন্ন সংসদীয় আসনের নির্বাচিত সংসদ সদস্য এবং দুই জেলার বাস মালিক সমিতির নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে চলমান এই বিরোধের ইতি ঘটে। সিদ্ধান্ত হয় পূর্বের নিয়মেই চলবে হবিগঞ্জ বাস।
শুক্রবার (১২ জুন) রাতে সিলেট এর বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান এর সভাপতিত্বে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এক রুদ্ধদার বৈঠকে মৌলভীবাজার ও হবিগঞ্জ বাস মালিক সমিতির মধ্যকার দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি হয়।
বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব জি. কে. গউছ এমপি। উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম. নাসের রহমান এমপি, ডা. সাখাওয়াত হাসান জীবন এমপি, সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমেদ চৌধুরী এমপি এবং সিলেট-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মালিক এমপি।
এছাড়াও বৈঠকে আরও উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক এম এ কাইয়ূম চৌধুরী, সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিললুর রহমান, মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, হবিগঞ্জ জেলা জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ, সিলেটের জেলা প্রশাসক, পুলিশ সুপারবৃন্দ সংশ্লিষ্ট বাস মালিক সমিতির নেতৃবৃন্দ এবং মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন।
আলোচনা শেষে মৌলভীবাজার ও হবিগঞ্জ বাস মালিক সমিতির বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে শীর্ষ নেতাদের উপস্থিতিতে সিদ্ধান্ত হয় যে এখন থেকে পূর্বের নিয়মেই হবিগঞ্জ-সিলেট রুটে চলাচলকারী হবিগঞ্জ বাস সমূহ মৌলভীবাজার ও শেরপুর হয়ে চলাচল করবে এবং সিলেট থেকে ফিরতি পথে শেরপুর-মৌলভীবাজার হয়ে হবিগঞ্জ যাতায়াত করবে। বাসগুলো চলাচলের পথে প্রতিটি বাসস্টপেজে ৫মিনিট করে যাত্রা বিরতি করবে। লিখিত এই সিদ্ধান্তপত্রে উভয় পক্ষের বাস মালিক সমিতির নেতারা স্বাক্ষর করেন। এছাড়াও ওই বৈঠকে সংশ্লিষ্ট সকল পক্ষ পারস্পরিক সহযোগিতার মাধ্যমে শান্তিপূর্ণ পরিবহন ব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে একমত পোষণ করেন।
বৈঠকে উপস্থিত থাকা মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন মুফোফোনে আলাপকালে জানান, আগের নিয়মেই মৌলভীবাজার-শেরপুর হয়ে সিলেট চলাচল করবে হবিগঞ্জ বাস, এ বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছেন। তবে হবিগঞ্জ বাসগুলোর মধ্যে ফিটনেস বিহীন বাস চলাচলের বিষয়ে কোন তথ্য জানাতে পারেননি তিনি।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
