প্রধানমন্ত্রীর উদ্যোগে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ১৮০ দিনের কার্যক্রমের অংশ হিসেবে জলবায়ু সহনশীল সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৩ জুন) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে উপজেলা চত্বরে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান, মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায়, উপজেলা বিএনপির সভাপতি মঞ্জুর কাদের বাবুল খান, পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন প্রমুখ।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গঠনে বৃক্ষরোপণের বিকল্প নেই। এ লক্ষ্যেই সরকারের এ বৃহৎ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।