মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নে ফসলি জমির মাটি কাটা, মাদক ব্যবসা এবং অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী।
মঙ্গলবার (৯ জুন) সকাল ১১টায় চান্দহর ইউনিয়নের সোনাটেংরা ঈদগাহ ময়দান সংলগ্ন মানিকনগর-সিরাজপুর সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা কৃষিজমি রক্ষা, পরিবেশ সংরক্ষণ এবং মাদকমুক্ত সমাজ গঠনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন তারিকুর রহমান আলাল, মশিউর রহমান দুলাল, ইসমাইল হোসেন, আবু আম্মার লিটন দেওয়ানসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বক্তারা বলেন, চান্দহর ইউনিয়নে দীর্ঘদিন ধরে তিন ফসলি কৃষিজমির মাটি কাটা, মাদক ব্যবসা এবং অবৈধ ইটভাটার কার্যক্রম চলমান রয়েছে। এসব কর্মকাণ্ডের কারণে পরিবেশ, কৃষি উৎপাদন ও জনস্বাস্থ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাদকের বিস্তারে যুবসমাজ বিপথগামী হচ্ছে এবং সামাজিক অবক্ষয় বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি অবৈধ ইটভাটার ধোঁয়া, কৃষিজমির মাটি কাটা ও পরিবেশ দূষণের কারণে সাধারণ মানুষ নানা ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন।
মানববন্ধনে বক্তব্য দেন ভুক্তভোগী আবিদা সুলতানা, মাওলানা আযাহার, ইদ্রিস আলী, আবুবকর ও আরিফ হোসেন। তারা বলেন, অবৈধ ইটভাটা ও মাদক ব্যবসার কারণে এলাকার পরিবেশ এবং স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। দ্রুত এসব অবৈধ কার্যক্রম বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।
এ সময় বক্তারা মাদক ব্যবসায়ী ও অবৈধ ইটভাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং চান্দহর ইউনিয়নকে মাদকমুক্ত ও পরিবেশবান্ধব এলাকা হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
মানববন্ধনে এলাকার গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন পেশাজীবী, শিক্ষার্থী, কৃষক ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।
কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা তাদের দাবিগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।