ভাঙ্গায় নির্মানাধীন নতুন বিল্ডিং এ পানি দিয়ে ভেজানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিয়াস মাতুব্বর (২৩) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার সকালে উপজেলার পৌর সদরের ২ নং ওয়ার্ড (ভারইডাঙ্গা গ্রাম) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পিয়াস মাতুব্বর ওই গ্রামের জাহাঙ্গীর মাতুব্বরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একটি নতুন নির্মাণাধীন ভবনের ভেতরে পানির পাইপ দিয়ে ইটের দেওয়ালে পানি দিচ্ছিল পিয়াস। এ সময় ভবনের ভেতরে থাকা একটি বৈদ্যুতিক তারের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে তিনি টেপ দিয়ে সেটি মেরামত করার চেষ্টা করেন। এসময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি।
পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার তানসিভ জুবায়ের নাদিম জানান, সকালে বিদ্যুৎস্পৃষ্টে পিয়াস কাজী নামের ওই যুবককে পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে আসেন । আমার ডাক্তারেরা তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা পৌর কাউন্সিলর এ্যাডভোকেট জহিরুল হক মিঠুন জানান, পিয়াস কাজীর বড় ভাই একজন প্রবাসী। তাকে বিদেশে নেওয়ার জন্য সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছে। নিজেদের বসবাস করার জন্য একটি বিল্ডিং তৈরি করতে ছিল তারা। আজ সকালে মোটর দিয়ে সেই বিল্ডিং এ পানি দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে মারা যায়।