× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কিশোরগঞ্জে ঢাকঢোল বাজিয়ে পিতাকে দাফনের প্রস্তুতি, পরে স্বাভাবিক নিয়মে দাফন

ডেস্ক রিপোর্ট।

০৮ জুন ২০২৬, ১০:৩১ এএম

কিশোরগঞ্জের কটিয়াদীতে এক প্রবীণ ব্যক্তির দাফনকে কেন্দ্র করে ঢাকঢোল বাজানো ও নাচের আয়োজন ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরে স্থানীয় আলেম-ওলামা ও গণ্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপে পরিবার তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে স্বাভাবিক নিয়মে জানাজা ও দাফন সম্পন্ন করে।

রোববার (৭ জুন) দুপুরে কটিয়াদী পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব কাহেতেরটেকী মহল্লায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বার্ধক্যজনিত কারণে ওই এলাকার প্রায় ১০০ বছর বয়সী শামসুদ্দিন মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর পরিবারের সদস্যরা দাফনের প্রস্তুতি শুরু করেন। এ সময় বাড়িতে ঢাকঢোল বাজানো এবং কয়েকজনকে নাচতে দেখা যায়। বিষয়টি দ্রুত স্থানীয়দের নজরে আসে এবং এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। পরে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

পরিবারের সদস্যরা জানান, শামসুদ্দিন ও তার পরিবার নেত্রকোনার প্রয়াত পীর গাজী আকবর আলায়ী রিজভীর অনুসারী ছিলেন। মরহুমের জীবদ্দশায় ব্যক্ত করা শেষ ইচ্ছার প্রতি সম্মান জানাতেই তারা এমন আয়োজনের উদ্যোগ নিয়েছিলেন।

তবে বিষয়টি জানাজানি হলে স্থানীয় আলেম মাওলানা তোফাজ্জল হক রাশেদী, মাওলানা মোবারক হোসাইন, মো. জহিরুল ইসলাম, মো. সোহানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা পরিবারের সঙ্গে আলোচনা করেন। তারা কোরআন-হাদিসের আলোকে বিষয়টি ব্যাখ্যা করলে পরিবারের সদস্যরা তাদের সিদ্ধান্ত থেকে সরে আসেন।

পরে মরহুমের জানাজা ও দাফন প্রচলিত নিয়মেই সম্পন্ন করা হয়।

কাহেতেরটেকী গ্রামের মাওলানা তোফাজ্জল হক রাশেদী বলেন, “পরিবারের সঙ্গে আলোচনা করে বিষয়টি বুঝিয়ে বলার পর তারা আমাদের পরামর্শ গ্রহণ করেন। পরে স্বাভাবিক নিয়মে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।”

মরহুমের দুই ছেলে খায়রুল ইসলাম ও নাজিমুদ্দিন বলেন, “আমরা বাবার শেষ ইচ্ছা পূরণ করতে চেয়েছিলাম। তবে স্থানীয় আলেমদের পরামর্শ ও এলাকার মানুষের মতামতের প্রতি সম্মান জানিয়ে সিদ্ধান্ত পরিবর্তন করেছি।”

এ বিষয়ে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, “ঘটনাটি লোকমুখে শুনেছি। এ বিষয়ে কেউ থানায় অভিযোগ করেনি। তারপরও বিষয়টি জানার জন্য এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.