বান্দরবানের দুর্গম রুমা উপজেলার প্রত্যন্ত পাহাড়ি জনপদে শিক্ষা ও জীবনমান উন্নয়নে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনীর রুমা জোন (৩৬ বীর)। “সবার জন্য সেনাবাহিনী” এই মূলমন্ত্রকে সামনে রেখে পরিচালিত এ উদ্যোগে বিভিন্ন পাড়ার শিক্ষার্থী, ধর্মীয় প্রতিষ্ঠান ও সাধারণ জনগণের মাঝে শিক্ষা উপকরণ, সৌরবিদ্যুৎ ব্যবস্থা এবং নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (৬ জুন) ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মহোদয়ের নির্দেশক্রমে রুমা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান সরকার, এসবিপি, পিএসসি-এর সার্বিক তত্ত্বাবধানে রাইংখিয়াং পুকুর আর্মি ক্যাম্পের আওতাধীন বিভিন্ন পাড়ায় এ সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়থলি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য অনাচন্দ্র ত্রিপুরা, চার্জিং পাড়ার কারবারি উপায় মনি ত্রিপুরা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দুর্গম পাহাড়ি অঞ্চলে শিক্ষা ও সামাজিক উন্নয়নে এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সহায়তা কর্মসূচির আওতায় পুকুর পাড়ায় গীর্জার জন্য ২ সেট সৌরবিদ্যুৎ ব্যবস্থা, শিক্ষার্থীদের জন্য ৪০টি ছাতা এবং একটি ব্ল্যাকবোর্ড বিতরণ করা হয়। প্রংজং পাড়ায় একটি সৌরবিদ্যুৎ ব্যবস্থা, ৩০টি ছাতা, একটি ব্ল্যাকবোর্ড ও একটি সাউন্ড সিস্টেম প্রদান করা হয়।
এছাড়া চার্জিং পাড়ায় ২ সেট সৌরবিদ্যুৎ ব্যবস্থা, ২৮টি ছাতা, একটি ব্ল্যাকবোর্ড, ৭টি নিরাপত্তা লাইট, একটি জেনারেটর এবং একটি সাউন্ড সিস্টেম বিতরণ করা হয়। সেপ্রু পাড়ায় একটি সৌরবিদ্যুৎ ব্যবস্থা ও একটি সাউন্ড সিস্টেম এবং সূরাহা পাড়ার শিক্ষার্থীদের জন্য ৪০টি ছাতা ও একটি ব্ল্যাকবোর্ড প্রদান করা হয়েছে।
বিলাইছড়ি উপজেলায় ৭ নং ওয়ার্ড সাধু চন্দ্র ত্রিপুরা তিনি জানান ছাত্র-ছাত্রীর জন্য স্কুলে ব্যাগ, গির্জার জন্য সোলার প্যানেল পেয়ে এলাকাবাসী এবং আমরা সবাই খুশি।
রুমা জোনের পক্ষ থেকে জানানো হয়, পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।