ফেনী সোনাগাজী পৌরসভায় জলাবদ্ধতা নিরসন এবং পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার লক্ষ্যে খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
রবিবার (৭ জুন) সোনাগাজী পৌরসভার উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খনন কাজের উদ্বোধন করেন সোনাগাজী পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা।
এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: তৌহিদুল ইসলাম, পৌর নির্বাহী প্রকৌশলী হুমায়ুন কবির, পৌর বিএনপির আহবায়ক মনজুর হোসেন বাবর, সদস্য সচিব নিজাম উদ্দিন, উপজেলা যুবদলের আহবায়ক খুরশিদ আলম ভূঞা, পৌর যুবদলের আহবায়ক ইকবাল হোসেনসহ অনুষ্ঠানে পৌর কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ নাগরিকরা উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর একটি আধুনিক এক্সকাভেটর (ভেকু) মেশিনের সাহায্যে খালের খনন কাজ শুরু করা হয়।
পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, এই খাল খনন কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হলে বর্ষা মৌসুমে এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা দূর হবে এবং কৃষি জমিতে সেচ ব্যবস্থার আমূল পরিবর্তন আসবে। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং দ্রুত কাজ শেষ করার তাগিদ দিয়েছেন।