চন্দনাইশ উপজেলার প্রতিটি ইউনিয়ন, পৌরসভা এবং সাতকানিয়ার আংশিক ইউনিয়নের উদ্যোক্তাদের চন্দনাইশ উদ্যোক্তা ফাউন্ডেশনের সঙ্গে সম্পৃক্ত করার নির্দেশ দিয়েছেন জসিম উদ্দিন আহমেদ।
গত ১ জুন সোমবার সন্ধ্যায় চন্দনাইশ উদ্যোক্তা ফাউন্ডেশন আয়োজিত হস্তশিল্প প্রদর্শনী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে এ কার্যক্রম বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিদারুল আলম দিদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ হাশেম রাজু, চেয়ারম্যান কমরুদ্দিন কো-চেয়ারম্যান জিয়া উদ্দিন, মরিয়ম বেগম, আল শাকরা ডায়াগনস্টিক সেন্টার ম্যানেজার রুবেল, সবুজ কিং, নারগিস সুলতানা আদনীন মরিন, রোজি আকতার, শাহনাজ আক্তার, সৈয়দা নাবিলা আহমেদ, আরফান
জোয়ারা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী কামাল পারভেজ, মিজানুর রহমান, ফোরকার হাবিব, কামাল উদ্দিন ও আহমেদ শাওন। এছাড়া বিএনপি নেতা সেলিম উদ্দিন সেলিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, ক্ষুদ্র ও সম্ভাবনাময় উদ্যোক্তাদের খুঁজে বের করে তাদের হাতে তৈরি হস্তশিল্প, খাদ্যপণ্য ও সৃজনশীল পণ্য প্রদর্শনের সুযোগ সৃষ্টি করতে হবে। এ লক্ষ্যে ইউনিয়নভিত্তিক প্রদর্শনী আয়োজন এবং উদ্যোক্তাদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্য তিনি চন্দনাইশ উদ্যোক্তা ফাউন্ডেশনকে নির্দেশনা দেন।
তিনি আরও বলেন, হোমমেইড খাবার, বিভিন্ন পণ্যের ডেলিভারি সেবা ও ফুড ডেলিভারি কার্যক্রম সম্প্রসারণে উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য সারা বছর বিক্রির সুবিধার্থে একটি স্থায়ী সেলস সেন্টার স্থাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি এবং এলাকার অর্থনৈতিক উন্নয়নে এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।