× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কক্সবাজারে মার্কিন ৪ বছরের শিশু উদ্ধার, অপহরণকারীর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার (কক্সবাজার)

০৩ জুন ২০২৬, ২২:১৯ পিএম

কক্সবাজারের টেকনাফে অপহরণের শিকার এক মার্কিন নাগরিক ৪ বছর বয়সী শিশুকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)। এ ঘটনায় অপহরণচেষ্টার অভিযোগে সংঘবদ্ধ চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৩ জুন) র‌্যাব-১৫ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন টেকনাফ উপজেলার নতুন পল্লান পাড়ার শাহাব উদ্দিন (২৮), নাইটং পাড়া এলাকার কেফায়েত উল্লাহ (২৪) এবং নতুন পল্লান পাড়ার আব্দুর রজব মিয়া (৩৫)।

র‌্যাব জানায়, গত ২ জুন টেকনাফ মডেল থানাধীন শাপলা চত্বর এলাকায় নিয়মিত টহল ডিউটি চলাকালে তারা সংবাদ পায় যে নতুন পল্লান পাড়া এলাকায় একটি শিশুকে অপহরণের চেষ্টা করা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৫ এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে।


ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, স্থানীয় জনতা তিনজন অপহরণচেষ্টাকারীকে আটক করে গণপিটুনি দিচ্ছে।

পরে র‌্যাব সদস্যরা তাদের জনতার হাত থেকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। গণপিটুনিতে আহত হওয়ায় অভিযুক্তদের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।

প্রাথমিক অনুসন্ধান ও স্থানীয়দের সঙ্গে কথা বলে র‌্যাব জানতে পারে, গত ২ জুন দুপুর ১২টা ১০ মিনিটের দিকে টেকনাফ সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোদারবিল এলাকার বাসিন্দা মো. জুবায়েরের বাড়ির সামনের পাকা রাস্তা থেকে তার ভাগিনা, ৪ বছর বয়সী এক মার্কিন নাগরিক শিশুকে একা পেয়ে জোরপূর্বক অপহরণের চেষ্টা চালায় ধৃতরা। স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করে এবং অভিযুক্তদের আটক করে।

এ বিষয়ে র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল' অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক বলেন, “সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে র‌্যাবের একটি আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছে অপহরণের শিকার ৪ বছর বয়সী এক মার্কিন নাগরিক শিশুকে নিরাপদে উদ্ধার করে। এ ঘটনায় জড়িত সংঘবদ্ধ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ ও অপরাধীদের বিরুদ্ধে র‌্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.