দক্ষিণ কোরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের মহেশপুর গ্রামের হাসিবুর রহমান। তিনি ওই গ্রামের নিজাবুল ইসলাম হিরোর বড় ছেলে। শুক্রবার (২২ মে) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে তার মরদেহ নিজ গ্রামে এসে পৌঁছালে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, হাসিবুর রহমান দক্ষিণ কোরিয়ার সেও ইয়াং ন্যাশনাল ইউনিভার্সিটির একজন আন্তর্জাতিক শিক্ষার্থী ছিলেন। গত ২ মে (শনিবার) মধ্যরাতে পার্ট-টাইম কাজ শেষে ইলেকট্রিক স্কুটার চালিয়ে রাস্তা পার হওয়ার সময় তিনি গুরুতর দুর্ঘটনার শিকার হন।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে লাইফ সাপোর্টে রাখেন। পরে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ৩ মে (রোববার) সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আইনি ও দাপ্তরিক প্রক্রিয়া শেষে প্রায় তিন সপ্তাহ পর তার মরদেহ দেশে আনা হলো।
তার এই অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান শোক প্রকাশ করে বলেন, "হাসিবুর রহমান ছিল আমাদের গ্রামের গর্ব। অত্যন্ত ভদ্র ও স্বপ্নবাজ এই ছেলেটির এমন নির্মম মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না। পুরো গ্রাম যেন স্তব্ধ হয়ে গেছে। আমরা সবাই তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি, আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন।"
নিহতের বাবা নিজাবুল ইসলাম হিরো কান্নাজড়িত কণ্ঠে বলেন, "আমার ছেলেটা ছোটবেলা থেকেই খুব মেধাবী ও শান্ত স্বভাবের ছিল। অনেক স্বপ্ন নিয়ে, কষ্ট করে তাকে বিদেশে পড়াশোনার জন্য পাঠিয়েছিলাম। ভেবেছিলাম সে একদিন মানুষের মতো মানুষ হয়ে পরিবারের মুখ উজ্জ্বল করবে। কিন্তু ভাগ্য যে এত নিষ্ঠুর হবে, তা কখনো কল্পনাও করিনি।"