রামিসা, উর্মি, আছিয়াসহ সারা দেশে সংঘটিত শিশু ধর্ষণ ও হত্যা মামলার আসামিদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের আওতায় এনে প্রকাশ্যে সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে কক্সবাজার জেলা খেলাঘর আসর।
শুক্রবার (২২ মে) সকাল ১০টায় কক্সবাজার পৌরসভা চত্বরের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা খেলাঘর আসরের সভাপতি সুবিমল পাল পান্না। অনুষ্ঠান সঞ্চালনা করেন সম্পাদকমণ্ডলীর সদস্য সাংবাদিক দীপক শর্মা দীপু।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কক্সবাজার জেলা প্রতিনিধি ও খেলাঘরের সাবেক জাতীয় পরিষদ সদস্য অধ্যাপক জসিম উদ্দিন, কক্সবাজার জেলা খেলাঘর কমিটির সাধারণ সম্পাদক এম জসিম উদ্দিন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কক্সবাজার জেলা সভাপতি মোহাম্মদ নাছির উদ্দীন, ঝিনুকমালা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক রাজীব দেবদাস, সিমুনিয়া খেলাঘর আসরের সভাপতি বুলবুলে জান্নাত, আনন্দময় খেলাঘর আসরের সভাপতি ধ্রুব সেন দে, ঝাউবন খেলাঘর আসরের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক মাহবুবুর রহমান, সত্যেন সেন শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক মনির মোবারক, খোরশেদ আলম, ওসমান গণি, কামরুল হাসান, বলরাম দাশ, জাফর আলম দিদার ও নুপা আলমসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় শিশু-কিশোর, সাংবাদিক, অভিভাবক ও বিভিন্ন শাখা আসরের সদস্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দেশে শিশু ধর্ষণ ও হত্যার ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এসব ঘটনায় জড়িতদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের আওতায় এনে দৃষ্টান্তমূলক ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের ঘৃণ্য অপরাধ করার সাহস না পায়।