ছবি: সংবাদ সারাবেলা।
প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিশ্চিত ও একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্যের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন দেশের নীতিনির্ধারক ও বিশেষজ্ঞরা। ব্র্যাক ব্যাংক, বাংলাদেশ বিজনেস অ্যান্ড ডিজঅ্যাবিলিটি নেটওয়ার্ক (বিবিডিএন) এবং দ্য বিজনেস স্ট্যান্ডার্ড আয়োজিত ‘ডেটা ম্যাটার্স: নাম্বার্স অ্যান্ড এভিডেন্স আর কি টু আ ডিজঅ্যাবিলিটি-ইনক্লুসিভ সোসাইটি’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এই আহ্বান জানানো হয়।
এমন একটি সময়ে এই আলোচনার আয়োজন করা হলো হলো, যখন বাংলাদেশ সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে এবং নীতি নির্ধারণের জন্য সঠিক তথ্য খুঁজছে। প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার রক্ষা এবং সমাজে তাঁদের অন্তর্ভুক্তিতা নিশ্চিত করার জন্য তথ্য ও প্রমাণভিত্তিক উদ্যোগ কতটা জরুরি— গোলটেবিলে এই বিষয়টি স্পষ্টভাবে উঠে আসে।
ব্র্যাক ব্যাংকের কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) উদ্যোগ ‘অপরাজেয় আমি’-এর আওতায় গত ২০ মে ২০২৬ তারিখে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এই প্রাণবন্ত আলোচনার আয়োজন করে। মূলত অর্থপূর্ণ আলোচনার সূচনা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিশ্চিত করাই এই উদ্যোগের লক্ষ্য।
গোলটেবিল বৈঠকে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, “ব্র্যাক ব্যাংকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ সবসময় বিশ্বাস করতেন, বাংলাদেশের মানুষের মাঝে প্রতিভার কোনো অভাব নেই; অভাব শুধু সুযোগের। সেই বিশ্বাসই আমাদের ব্যাংকের ডিএনএ-তে মিশে আছে। এটিই আমাদের সব বাধা ভেঙে সবার জন্য সুযোগ তৈরি এবং মেধা বিকাশের পথ সুগম করতে অনুপ্রাণিত করে। প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি আমাদের জন্য প্রান্তিক বা গৎবাঁধা কোনো বিষয় নয়, বরং এটিকে আন্তরিকতার সাথে আরও বড় পরিসরে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য।”
তিনি আরও বলেন, “নির্ভরযোগ্য ডেটা বা তথ্য ছাড়া আমাদের নীতিমালাগুলো দুর্বল অনুমানের ওপর দাঁড়িয়ে থাকে। তাই এখনই সময় ধারণার ওপর নির্ভর না করে সুনির্দিষ্ট তথ্যের ওপর ভিত্তি করে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তিতে কাজ করার।”
গোলটেবিল বৈঠকে নীতিনির্ধারক, নিয়ন্ত্রক সংস্থা, উন্নয়ন সহযোগী, অর্গানাইজেশনস অব পারসনস উইথ ডিসঅ্যাবিলিটি (ওপিডি), গবেষক এবং বেসরকারি খাতের শীর্ষ নেতৃবৃন্দরা অংশ নেন। তাঁরা একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে নির্ভরযোগ্য তথ্যের প্রয়োজনীয়তা এবং তথ্যভিত্তিক নীতি নির্ধারণের বিষয়ে নিজেদের মূল্যবান মতামত তুলে ধরেন।
বৈঠকে অংশ নেওয়া প্রতিনিধিরা প্রতিবন্ধী ব্যক্তিদের তথ্য সংগ্রহব্যবস্থার উন্নয়নে তাৎক্ষণিকভাবে একটি সমন্বিত টাস্কফোর্স গঠনের প্রতিশ্রুতি দেন। একই সাথে তাঁরা সরকারি ও বেসরকারি খাতের মধ্যে নিয়মিত তথ্য বিনিময় এবং ভবিষ্যৎ জাতীয় নীতিমালায় প্রতিবন্ধিতা তথ্য অন্তর্ভুক্তির জন্য বাস্তবধর্মী সুপারিশ প্রণয়নেরও অঙ্গীকার করেন।
অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, সমাজসেবা অধিদপ্তর, বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস), আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও), অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন, সুইড বাংলাদেশ, সেন্টার ফর ডিসঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি), ব্র্যাক ব্যাংক এবং বিবিডিএন-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তারা জোর দিয়ে বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অন্তর্ভুক্তিমূলক কর্মসংস্থান, আর্থিক সেবার সুযোগ, সহজলভ্য সেবা এবং কার্যকর সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সঠিক ও বিস্তারিত তথ্যের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয় উন্নয়নে প্রতিবন্ধী ব্যক্তিদের পূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করার জন্য তাঁরা সরকার, বেসরকারি খাত, উন্নয়ন সংস্থা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কাজ করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে আরও শক্তিশালী সমন্বয়ের আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
