কক্সবাজারের রামু উপজেলায় অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ এক বিএনপি নেতার স্ত্রী ও তার সহযোগী রোহিঙ্গা নাগরিককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার (২০ মে) রাত সাড়ে ৯টার দিকে রামু কচ্ছপিয়া ইউনিয়নের হাজীরপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ছালেহা বেগম (৪৫) স্থানীয় বিএনপি নেতা নজরুল ইসলামের স্ত্রী। নজরুল ইসলাম কচ্ছপিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি বলে জানা গেছে। একই ঘটনায় আটক হওয়া মোহাম্মদ হাসিম ওরফে ওসমান (৩৫) থাইংখালী ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্প এর বাসিন্দা।
পুলিশ জানায়, নজরুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। পরে মাদক কারবারের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ছালেহা বেগম ও তার সহযোগীকে আটক করা হয়।
এ বিষয়ে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, আটক দুইজন এবং পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি চক্রটির অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।