× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কালবৈশাখীর তাণ্ডবে মাদারগঞ্জে শতাধিক ঘরবাড়ি লণ্ডভণ্ড, খোলা আকাশের নিচে বহু পরিবার

হৃদয় হাসান মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

২১ মে ২০২৬, ১৬:৪২ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ভয়াবহ কালবৈশাখী ঝড়ে শতাধিক ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়ে গেছে। বৃহস্পতিবার (২১ মে) সকালে বয়ে যাওয়া তীব্র ঝড় ও ভারী বৃষ্টিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার বিস্তীর্ণ অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

উপজেলার চরপাকেরদহ, ফাজিলপুর, পাকরুল, ঝাড়কাটা, গুনারীতলা, গোপালপুর, চরচাঁদপুর, গোলাবাড়ি, তেঘরিয়া, সুখনগড়ী, হাটমাগুড়া, লালডোবা ও জুনাইলসহ পৌরসভার বালিজুড়ী, চাঁদপুর ও বালিজুড়ী পূর্বপাড়া এলাকায় ঝড়ের তাণ্ডবে মুহূর্তেই বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন।

ঝড়ে অনেক ঘরের চাল উড়ে গেছে, কোথাও দেয়াল ধসে পড়েছে, আবার কোথাও গাছচাপায় বিধ্বস্ত হয়েছে বসতঘর। এতে নারী, শিশু ও বৃদ্ধদের নিয়ে অনেক পরিবার খোলা আকাশের নিচে কিংবা আশপাশের নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছে।

এদিকে কালবৈশাখীর আঘাতে উপজেলার বিভিন্ন এলাকার কৃষিজমিরও ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে ধসন পাটসহ বিভিন্ন ফসল নষ্ট হয়ে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। অনেক জমির পাট মাটিতে লুটিয়ে পড়েছে এবং অতিবৃষ্টি ও ঝড়ের কারণে ক্ষেতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

চরপাকেরদহ ইউনিয়নের ফাজিলপুর এলাকার বাসিন্দা শাহ আলম বলেন,

“হঠাৎ করেই প্রচণ্ড ঝড় শুরু হয়। আমি ধান কাটতে মাঠে ছিলাম। পরে বাড়ি থেকে খবর পাই ঘরের ওপর বড় গাছ পড়ে গেছে। বাড়িতে এসে দেখি ছোট ভাই বিল্লালের ঘর একেবারে ভেঙে গেছে।”

পৌরসভার বালিজুড়ী পূর্বপাড়া এলাকার সাইফুল মিয়ার স্ত্রী বলেন,

“সন্তানকে নিয়ে ঘরে ছিলাম। ঝড়ের মধ্যে হঠাৎ গাছের ডাল ভাঙার শব্দ পাই। পরে দৌড়ে বাইরে বের হয়ে যাই। আল্লাহ আমাদের রক্ষা করেছেন। কিছু বুঝে ওঠার আগেই ঘরের চালের ওপর গাছ পড়ে যায়। এখন পরিবার নিয়ে খুব কষ্টে আছি।”

মাদারগঞ্জের চরাঞ্চল ও পৌর এলাকার বিভিন্ন স্থানে ঘুরে একই ধরনের ক্ষয়ক্ষতির চিত্র দেখা গেছে। বহু পরিবার ঘরবাড়ি হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন।

ঝড়ের আঘাতে অসংখ্য গাছপালা উপড়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান, দোকানপাট ও বসতবাড়ি। বিভিন্ন স্থানে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ছিঁড়ে গেছে সঞ্চালন লাইন। ফলে সকাল থেকেই উপজেলার বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে।

উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে কৃষিক্ষেত্রে ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে এবং তালিকা প্রস্তুত করা হচ্ছে।

মাদারগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার সৈয়দা ফারজানা ইয়াসমিন বলেন, “ঝড়ে উপজেলার বিভিন্ন এলাকায় পাঁচটি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে। এছাড়া গাছের ডালপালা বিদ্যুতের তারের ওপর পড়ে বিভিন্ন স্থানে তার ছিঁড়ে গেছে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে আমাদের কর্মীরা মাঠপর্যায়ে কাজ করছেন। দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত লাইনের মেরামত শেষে বিদ্যুৎ সংযোগ চালু করা হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী বলেন, ক্ষতিগ্রস্ত এলাকার তথ্য সংগ্রহ করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। অসহায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আবেদন করলে প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেওয়া হবে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.