বান্দরবানের রুমা উপজেলা ২ নং সদর ইউনিয়ন পরিষদের ২০২৬-২০২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) সকাল ১০ টায় রুমা সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত এ বাজেট অধিবেশনে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, গ্রাম পুলিশ, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুমা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব অংসিংনু মার্মা। তিনি তাঁর বক্তব্যে বলেন, জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে ইউনিয়নের উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, সামাজিক নিরাপত্তা ও অবকাঠামোগত উন্নয়নে বাজেটের যথাযথ বাস্তবায়নের মাধ্যমে জনগণের সেবার মান আরও বৃদ্ধি করা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা জনাব উক্যথোয়াই চাক এবং ইউপি হিসাব সহকারী জনাব মোঃ আলাউদ্দীন। এসময় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
উন্মুক্ত বাজেট অধিবেশনে ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য মোট ২ কোটি ১০ লাখ ৯৩ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়। বাজেটে স্থানীয় অবকাঠামো উন্নয়ন, দরিদ্র জনগোষ্ঠীর সহায়তা, কৃষি ও গ্রামীণ উন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম, শিক্ষা সহায়তা এবং জনসেবামূলক বিভিন্ন খাতে বরাদ্দের বিষয় তুলে ধরা হয়।
সভায় উপস্থিত বক্তারা বলেন, উন্মুক্ত বাজেট অধিবেশন স্থানীয় সরকার ব্যবস্থায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এর মাধ্যমে জনগণ ইউনিয়ন পরিষদের আয়-ব্যয় সম্পর্কে জানতে পারে এবং উন্নয়ন কর্মকাণ্ডে নিজেদের মতামত তুলে ধরার সুযোগ পায়।
অনুষ্ঠানের শেষে ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা ও জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করা হয়।