শেরপুরে সিএনজি ও ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন। ২০ মে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের হাওড়া আমতলা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহতের মধ্যে একজন পুরুষ ও একজন নারী রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নামপরিচয় জানায়য় যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বোরো ধান কাটার মৌসুম হওয়ায় শেরপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের দুপাশে প্রতিদিনই ধান ও খড় শুকানো হয়। বুধবার সন্ধ্যায় ওই সড়কের সদর উপজেলার হাওড়া আমতলা এলাকায় শেরপুরগামী একটি সিএনজিচালিত অটোরিক্সা ও উল্টোদিক থেকে আসা বেপরোয়া গতির একটি ডাম্প ট্রাক ধান ও খড় পাশ কাটিয়ে মাঝ বরাবর চলার চেষ্টা করলে মুখোমুখি সংঘর্ষ ঘটে।
এতে সিএনজিতে থাকা যাত্রীরা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় একজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এছাড়া আরও দুইজন শেরপুর সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার বলেন,ডাম্প ট্রাক ও যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।