চট্টগ্রামের সীতাকুণ্ডে উপজেলা স্বাস্থ্যসেবার মান ও সেবাগ্রহীতাদের সুযোগ–সুবিধা পর্যালোচনায় সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্যা শামছুন্নাহার বেগম বুধবার (২০ মে) সকাল ১১টায় সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবা, রোগীদের সুবিধা ও সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি চিকিৎসক, রোগী ও কর্মকর্তা–কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, তার এ সফর সীতাকুণ্ডের স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত এই সংসদ সদস্যা একই দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান ‘মা ও শিশু হাসপাতাল’ও পরিদর্শন করেন। সেখানে হাসপাতালের অভ্যন্তরীণ সমস্যা ও রোগীদের সেবা নিশ্চিতকরণ বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন। বিভিন্ন এলাকা থেকে আসা রোগীর স্বজনরা তাদের নানা দাবি–দাওয়া ও সমস্যার কথা সংসদ সদস্যার কাছে তুলে ধরেন।
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলতাপ হোসেন এবং হাসপাতালের চিকিৎসক–কর্মচারীরা ফুল দিয়ে সংসদ সদস্যাকে স্বাগত জানান। এ সময় সীতাকুণ্ড উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ তাহের, উপজেলা কর্মপরিষদ সদস্য জাহাঙ্গীর আলম, পৌর আমীর হাফেজ আলী আকবর, সেক্রেটারি মাহমুদুর রহমান জুয়েল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এ.কে.এম মাহমুদুল করিম, মিডিয়া সম্পাদক আবুল হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া ইসলামী ছাত্রীসংস্থা চট্টগ্রাম উত্তর জেলার সাবেক সভানেত্রী বিলকিস আরা আরজুসহ উপজেলা মহিলা নেত্রীরাও সফরে অংশ নেন।
সংসদ সদস্যা শামছুন্নাহার বেগম বলেন, সরকারি হাসপাতালে জনগণের চিকিৎসাসেবা ও সুযোগ–সুবিধা আরও বাড়াতে তিনি জাতীয় সংসদে বিষয়টি উত্থাপন করবেন।