"জবাবদিহিমূলক সরকার ব্যবস্থাই পারে দুর্নীতি দমন ও প্রতিরোধ করতে" এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে অনুষ্ঠিত হয়েছে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই চূড়ান্ত প্রতিযোগিতায় তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে কমলগঞ্জ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়।
সোমবার (১৮ মে) দুপুরে কমলগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলার ১২টি মাধ্যমিক বিদ্যালয় এই প্রতিযোগিতায় অংশ নেয়।
চূড়ান্ত পর্বের এই বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান। যুক্তি আর পাল্টা যুক্তির চমৎকার উপস্থাপনায় মুখরিত হয়ে ওঠে পুরো মিলনায়তন।
কমলগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল হান্নান চিনুর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে সৎ, নীতিবান ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। দুর্নীতিমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে জবাবদিহিতার কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত হবিগঞ্জ জেলা কার্যালয়ের উপ পরিচালক মো. এরশাদ মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন নাহার পারভীন, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুরুদ আহমদ, কমলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন এবং কমলগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী-র আমীর অধ্যক্ষ মো. মাসুক মিয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন, কমলগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আহমদ সিরাজ ও প্রতাপ চন্দ্র সিংহ, কমলগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও সিদ্দিকুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে বিচারকের প্যানেলে দায়িত্ব পালন করেন কমলগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা সুজন আহমেদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আহমদ শোকরানা এবং সদস্য আব্বাস আলী।
প্রতিযোগিতা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। ছায়া সংসদের আদলে আয়োজিত এই বিতর্ক প্রতিযোগিতাটি উপস্থিত দর্শক ও শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া জাগায়।