রংপুরে হামের উপসর্গ নিয়ে নয় মাস বয়সী মনি আক্তার নামে এক ্শিশুর মৃত্যু হয়েছে। এপর্যন্ত রংপুরে হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু হয়েছে।রোববার (১৭ মে) দুপুরে হাসপাতালের শিশু বিভাগের সহকারী অধ্যাপক আ ন ম তানভীর চৌধুরী (নোমান) বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, গত রাতে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের শিশু ওয়ার্ডের আইসোলেশন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। মনি আক্তার ঠাকুরগাঁও সদরের মাহাবুব আলমের মেয়ে।
এদিকে রংপুর বিভাগে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ থাকা ২৩ রোগী শনাক্ত হয়েছে।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা যায়, নতুন শনাক্ত হওয়া রোগীদের মধ্যে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ৫ জন, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৮ জন ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন রয়েছে।
গত ৩০শে মার্চ থেকে আজ সকাল পর্যন্ত রংপুর বিভাগে হামের উপসর্গ থাকা এক হাজার ১৩৮ জন রোগী শনাক্ত হয়েছে এবং এক হাজার ৬৩ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৭৫ জন রোগী।