টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে এক মা একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন। নবজাতকদের মধ্যে একটি ছেলে ও তিন মেয়ে রয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে। মঙ্গলবার সকালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এই সন্তান প্রসব করানো হয়।
হাসপাতালের চিকিৎসকরা জানান,বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে সফলভাবে প্রসব সম্পন্ন হয়। মা ও নবজাতকদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। বর্তমানে সবাই সুস্থ আছেন।
পরিবারের সদস্যরা জানান, জেলার বাসাইল উপজেলার কাশিল গ্রামের কাশেম মিয়ার ছেলে হায়দার আলী (৩৫) সঙ্গে ময়মনসিংহ জেলার ফুলবাড়ি উপজেলার বাঘিল গ্রামের বাবুল মিয়ার মেয়ে বিথী আক্তারের (৩০) বিয়ে হয়। তাদের ঘরে
১০ বছর বয়সী মেয়ে রয়েছে। দশ বছর পর একসঙ্গে চার সন্তানের জন্ম হওয়ায় তারা অত্যন্ত আনন্দিত ও আবেগাপ্লুত।
কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা.প্রদীপ কুমার রায় বলেন , একসঙ্গে চার সন্তানের জন্ম খুবই বিরল ঘটনা। এ ধরনের প্রসবে মা ও শিশুদের জন্য বাড়তি যত্ন ও চিকিৎসা প্রয়োজন হয়। নবজাতকদের প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।