রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে অবৈধ দোকানঘর ও দখল হওয়া অন্যান্য স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ । রোববার (১০ মে) দিনব্যাপী পরিচালিত এ অভিযানের নেতৃত্বে ছিলেন রাজশাহী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সানজিদা আফরীন ঝিনুক। অভিযানে রাজশাহী-নওগাঁ মহাসড়কের দুই পাশের অবৈধ স্থাপনা তিনটি এক্সেভেটর মেশিন দিয়ে পর্যায়ক্রমে অপসারণ করা হয়।
সরকারি জমি অবৈধভাবে দখলে নিয়ে যারা স্থাপনা ও দোকানঘর নির্মাণ করেছিলেন তাদের হট্টগোল ও সম্ভাব্য বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ ও র্যাব উপস্থিত ছিলেন। সড়ক ও জনপথ সূত্রে জানা যায়, মহাসড়কের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনার কারণে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। তাই সড়ক নিরাপত্তা ও যান চলাচল স্বাভাবিক রাখতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।