চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য লায়ন আসলাম চৌধুরী বলেছেন, প্রাক্তন শিক্ষকদের জ্ঞানভান্ডার ও পরামর্শকে কাজে লাগিয়ে সীতাকুণ্ডকে একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। একই সঙ্গে মাদক ও সন্ত্রাস দমনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
শনিবার (৯ মে) ইপসার মানব উন্নয়ন কেন্দ্র প্রাঙ্গণে প্রাক্তন শিক্ষক সমিতির প্রথম সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সীতাকুণ্ডে মাদকের বিস্তার লক্ষ করা যাচ্ছে, যা কোনোভাবেই চলতে দেওয়া হবে না। সন্ত্রাস, মাদক ব্যবসা ও মাদক সেবন বন্ধে সম্মিলিতভাবে কাজ করতে হবে। কর্মসংস্থানের সম্ভাবনাময় খাতগুলোতে উদ্যোগ বাড়াতে পারলে বেকারত্ব কমবে এবং মাদক বেচাকেনাও অনেকাংশে হ্রাস পাবে।
তিনি আরও বলেন, “সীতাকুণ্ডকে আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রাক্তন শিক্ষকদের অভিজ্ঞতা ও পরামর্শ অত্যন্ত প্রয়োজন। এ লক্ষ্যে প্রতি তিন থেকে চার মাস পরপর আপনাদের সঙ্গে বৈঠকে বসে দিকনির্দেশনা গ্রহণ করা হবে।”
সভায় সভাপতিত্ব করেন সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নজির আহাম্মদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ও জাহাঙ্গীর আলম।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ড. ফসিউল আলম, সাবেক উপাচার্য, ফেনী বিশ্ববিদ্যালয়। তিনি বলেন, অবসরে গেলেই দায়িত্ব শেষ হয়ে যায় না; মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে সবাইকে কাজ করে যেতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম, শিক্ষাবিদ জরিনা আখতার, অধ্যাপক উত্তম চৌধুরী, ইপসা-এর প্রশাসন (অর্থ) কর্মকর্তা পলাশ চৌধুরী এবং বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি ফয়েজ আহমেদ।
স্বাগত বক্তব্য দেন অবসরপ্রাপ্ত শিক্ষক সমিতির আহ্বায়ক অধ্যাপক মোঃ নূরুল গণি চৌধুরী। অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সীতাকুণ্ড প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন স্কুল-কলেজের প্রাক্তন শিক্ষকরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা মাদকমুক্ত সমাজ গঠন, ন্যায়-অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং শিক্ষার সুফল সমাজে ছড়িয়ে দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমপি আসলাম চৌধুরী বলেন, একসময় সীতাকুণ্ড রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি থাকলেও বর্তমানে তা বন্ধ রয়েছে। তিনি এ বিষয়ে কাজ করছেন এবং ভবিষ্যতে সংসদে বিষয়টি উত্থাপন করবেন বলে জানান। সাংবাদিকদের সহযোগিতা কামনা করে তিনি বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় ইনশাআল্লাহ আবারও সীতাকুণ্ড রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি চালু হবে।