চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদর বাজারে ফুটপাত দখল, অবৈধ পার্কিং ও যত্রতত্র দোকান স্থাপনের কারণে সৃষ্ট তীব্র যানজট নিরসনে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (৪ মে) বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফখরুল ইসলাম। অভিযানে মোট ৬টি মামলায় ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান চলাকালে বাজারের বিভিন্ন স্থানে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা, সড়কে অবৈধভাবে যানবাহন পার্কিং এবং নিয়মবহির্ভূতভাবে দোকান স্থাপনের বিষয়গুলো চিহ্নিত করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। বাজার এলাকায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ সময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড পৌর বাজার কমিটির সভাপতি নাসির উদ্দিন ভূঁইয়া ও সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন রফিক। অভিযানে সীতাকুণ্ড মডেল থানা পুলিশের সদস্যরা সহায়তা করেন।
উপজেলা নির্বাহী অফিসার জানান, জনসাধারণের ভোগান্তি কমানো এবং বাজার এলাকায় স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।