ফেনীর বুক চিরে বয়ে যাওয়া ছোট ফেনী নদীর অব্যাহত ও তীব্র ভাঙনে বিলীন হচ্ছে শত শত একর ফসলি জমি, ঘরবাড়ি এবং সরকারি-বেসরকারি নানা স্থাপনা। এই ভয়াবহ পরিস্থিতি থেকে মুক্তি পেতে এবং নদী শাসনের দাবিতে রবিবার (৩ মে) নদীর তীরবর্তী ছোট ফেনী নদী সেতু সংলগ্ন এলাকায় স্থানীয় সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
এই মানববন্ধনে নদীর তীরবর্তী গ্রামগুলোর শত শত নারী-পুরুষ ও শিশু অংশ নেন। দীর্ঘ কয়েক মিটার এলাকা জুড়ে সাধারণ মানুষ ব্যানার হাতে নিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাদের আর্তনাদ তুলে ধরেন। ব্যানারগুলোতে "জরুরি ব্যবস্থা গ্রহনের দাবি" এরকম নানা স্লোগান দেখা যায়।
মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে স্থানীয় সাবেক ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও ভুক্তভোগী সাধারণ মানুষ তাদের কষ্টের কথা তুলে ধরেন।
তারা বলেন, ভাঙনের ফলে এলাকার শত শত বিঘা আবাদি জমি নদীগর্ভে হারিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। অতি দ্রুত সময়ের মধ্যে ঝুঁকি পূর্ণ ৪০০ মিটার জায়গা জিয়ো ব্যাগ দিয়ে ভাঙ্গন রক্ষা ও ড্রেজিং করে বাঁকা নদী সোজা করে দিলে ভাঙ্গন কিছুটা রোধ হবে। আর যদি দ্রুত ব্যবস্থা না নেয়া হয় তাহলে পুরো ইউনিয়ন মানচিত্র থেকে মুছে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেন তারা।
শাহিদা নামের এক স্থানীয় বাসিন্দা বলেন, আমার স্বামী ছেলে কেউ নাই। একটা মেয়ে নিয়ে এ ভিটে রাত্রি যাপন করে দিন পার করছি। যদি এ বাড়িটি হারিয়ে যায় তাহলে কই যাবো? কই থাকবো? মাথা গোঁজার ঠাঁই টুকু নদী খেয়ে নিচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ চাই।"
মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ও চর চান্দিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সামছুদ্দিন খোকন, চর দরবেশ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বিএনপি নেতা সেলিম রেজা, যুবদল নেতা রায়হান সাব্বির, বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।