× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

‎লোডশেডিং ও সুপেয় পানির অভাবে ফেনীর সোনাগাজীতে জনভোগান্তি চরমে

‎শেখ আশিকুন্নবী সজীব, ফেনী জেলা প্রতিনিধি:

২৬ এপ্রিল ২০২৬, ১৩:০৪ পিএম

‎ফেনীর সোনাগাজীতে একদিকে বিদ্যুতের লোডশেডিং অপরদিকে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। দুই সমস্যায় পড়ে জনভোগান্তিতে পড়ে দৈনন্দিন জীবন পার করছে উপজেলার বিপুল সংখ্যক মানুষ।

‎সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২ সপ্তাহ ধরে পুরো উপজেলায় বিদ্যুতের লোডশেডিং তীব্র আকার ধারন করেছে। বিদ্যুতের আসা যাওয়ার ভেল্কিবাজিতে মানুষ বলতে শুরু করেছে বিদ্যুৎ এখন যায়না, মাঝে মাঝে আসে। অপরদিকে প্রচণ্ড তাপদাহ ও দীর্ঘদিন ধরে অনাবৃষ্টির কারণে সুপেয় পানির স্তর অনেক নিচে নেমে গেছে। ফলে উপজেলার অন্তত ১০ শতাংশ গভীর নলকূপে এখন আর পানি পাওয়া যাচ্ছে না। এতে জনস্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব পড়ছে। নলকূপ, পুকুর, খাল-বিলে কোথাও নেই পর্যাপ্ত পানি। ফলে অনেকেই বাধ্য হয়ে অস্বাস্থ্যকর পানি পান করছেন, যার ফলে ডায়রিয়াসহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন অনেকে।

‎সোনাগাজীর পল্লী বিদ্যুতের ডিজিএম মোস্তফা কামাল জানিয়েছেন পুরো উপজেলায় বিদ্যুতের চাহিদা রয়েছে প্রায় ১৭ মেগাওয়াট। আমরা সরবরাহ পাইতেছি ৮ মেগাওয়াটের মত,যার ফলে লোডশেডিং হচ্ছে।

‎বিদ্যুতের এমন লোডশেডিংয়ে জনভোগান্তি ও ব্যবসায়ীক ক্ষতির পাশাপাশি চলমান এসএসসি পরীক্ষার্থীরা বেকায়দা পড়েছে।

‎সোনাগাজী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোহাম্মদ সায়েম জানিয়েছেন উপজেলায় প্রায় ৮ হাজারের মত সরকারী নলকূপের সংখ্যা। পাশাপাশি ব্যক্তি উদ্যোগে স্থাপিত প্রায় সমসংখ্যক অগভীর নলকূপ রয়েছে। গভীর ও অগভীর মিলে প্রায় ১০-১২ শতাংশ নলকূপে পানি উঠছেনা। এর বাহিরে সোনাগাজীতে কৃষি জমিতে সেচের জন্য প্রচুর পরিমানে গভীর নলকূপ বসানো হয়েছে। নলকুপে পানি না উঠার এটি অন্যতম কারণ। শুষ্ক মৌসুমে পানির সংকট আগে ছিল, অনাবৃষ্টির কারনে বর্তমানে তা আরও প্রকট হয়েছে।

‎তবে স্থানীয় অধিবাসিরা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তার পরিখ্যান মানতে নারাজ। অনেকের অভিযোগ নলকূপে পানি উঠছেনা এমন সংখ্যা ৪০ শতাংশের উপরে হবে।

‎সরেজমিনে উপজেলার বিভিন্ন ইউনিয়নে গিয়ে দেখা গেছে, ৪০-৫০ ফুট গভীরতার অগভীর নলকূপগুলোতে পানি উঠলেও গভীর নলকূপ অচল হয়ে পড়েছে। অনেকে বাধ্য হয়ে দূর-দূরান্ত থেকে পানি সংগ্রহ করছেন। পানির অভাব ও  বৃষ্টিপাত না হওয়ায় কৃষকরা ধান উৎপাদন নিয়েও শঙ্কায় পড়েছেন।

‎স্থানীয় বাসিন্দারা জানান, অনেক কষ্টে বোরো ধানের চারা রোপণ করেছেন, কিন্তু লোডশেডিং ও অনাবৃষ্টি আর খরায় জমির মাটি ফেটে গেছে। ফলে উৎপাদন নিয়ে দুশ্চিন্তা বাড়ছে। পানির সংকটে রান্নাবান্না, দৈনন্দিন কাজ এবং পান করার জন্য অনেকে দূরের জলাশয় থেকে পানি সংগ্রহ করছেন।

‎সোনাগাজী পৌর শহরের বাসিন্দা গৃহিনী নাজমুন নাহার শিমুল বলেন, একদিকে তাপদাহ অপরদিকে বিদ্যুতের লোডশেডিং,আবার গভীর নলকূপে উঠছেনা পানি। তিন সমস্যায় পড়ে আমাদের স্বাভাবিক জীবন যাপনে মারাত্মক সমস্যা সৃষ্টি করেছে। অতিকষ্টে পানি সংগ্রহ করতে পারলেও পানিতে প্রচুর পরিমান আয়রন থাকার কারনে কয়েক দফা পরিশোধন করে ব্যবহার করতে হচ্ছে।

‎উপজেলার চরদরবেশ ইউনিয়নের উপকুলীয় এলাকার বাসিন্দা জামাল উদ্দিন বলেন, গত এক মাস ধরে নলকূপে পানি উঠছেনা। এতদিন পুকুরের পানি পরিশোধন করে ব্যবহার করেছি। প্রচন্ড তাপদাহে পুকুর শুকিয়ে যাওয়াতে পানি সংগ্রহ করতে বেগ পেতে হচ্ছে।

‎চরচান্দিয়া ইউনিয়নের বাসিন্দা বেলাল হোসেন বলেন, নলকূপে পানি উঠেনা,আশেপাশের পুকুর জলাশয় শুকিয়ে গেছে, বিকল্প ব্যবস্থা না থাকায় একমাত্র ভরসা বৃষ্টি।

‎এদিকে বিদ্যুতের লোডশেডিংয়ের কবলে পড়ে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসায়ীরা। উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাটবাজারের ব্যবসায়ীরা জানিয়েছ,  বিদ্যুৎ সংকটে ফ্রিজে প্রয়োজনীয় পণ্য সংরক্ষন করা যাচ্ছেনা,যার কারনে ক্ষতির মধ্যে পড়তে হচ্ছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.