রাজশাহী-ঢাকা রুটে বন্ধ থাকা বাস চালু করা নিয়ে রাজশাহীর শিরোইল বাস টার্মিনাল এলাকায় টানা দুই দিন ধরে পরিবহন শ্রমিক নেতাদের দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যার একটু আগে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়াসহ গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। পরবর্তীতে ঘটনাস্থলে পুলিশ, ডিবি ও সিআরটি'র সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
আগেরদিন বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যার পর রাজশাহী মোটরশ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখিকে মারধর করে ইউনিয়ন অফিসে তালা ঝুলিয়ে দেয় শ্রমিকদের একাংশ। পরদিন বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে পাখি তার সমর্থকদের নিয়ে কার্যালয়ের দখল নিতে গেলে সাধারণ শ্রমিকদের সঙ্গে আবারও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে প্রশাসনের সঙ্গে বৈঠকের পর রাজশাহী-ঢাকা রুটে বন্ধ থাকা বাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় বাস চালু করা নিয়ে ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ফেরদৌস ও কয়েকজন শ্রমিকের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ফেরদৌস এক শ্রমিককে মারধর করেন। পরে শ্রমিকরা এর বিচার চাইতে গেলে নেতারা বিষয়টি মীমাংসার জন্য সময় চান। এতে ক্ষুব্ধ হয়ে সাধারণ শ্রমিকরা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখিকে মারধর করেন এবং ইউনিয়ন অফিসে তালা ঝুলিয়ে দেন। এ ঘটনাকে কেন্দ্র করে ঐদিন (বুধবার) দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়া ও পরেরদিন বৃহস্পতিবার সন্ধ্যায় বিস্ফোরণ-গুলি নিক্ষেপ, মারামারি ও ভাংচুরের ঘটনা ঘটে। এতে করে হাতিল ফার্নিচারসহ বেশ কয়েকটি দোকান ভাংচুর করা হয়।
বৃহস্পতিবার বিকেলে পাখি তার সমর্থকদের নিয়ে শ্রমিক ইউনিয়ন অফিস পুনরায় দখল চেষ্টা করার সময় সাধারণ শ্রমিকদের সঙ্গে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত ৭:৫০ মিনিট) শিরোইল বাস টার্মিনাল এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। ঘটনাস্থলে রয়েছে প্রশাসনের বেশ কয়েকটি ইউনিট।
এবিষয়ে রফিকুল ইসলাম পাখি বলেন, প্রশাসনের সঙ্গে বৈঠকে শ্রমিকদের না নেওয়াকে ইস্যু করে একটি পক্ষ পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছে। তারা বাস চলাচল বন্ধ করতে চাচ্ছে, কিন্তু তাতে বাধা দেওয়ায় এই ঘটনা ঘটেছে। তিনি আরও অভিযোগ করেন, বাস চালু রাখার দাবিতে মিছিল করলে প্রতিপক্ষের শ্রমিক নেতারা হামলা চালায়। তবে এতে তাদের পক্ষের কেউ আহত হয়নি বলে দাবি করেন তিনি। পাশাপাশি ইউনিয়ন অফিসে তালা দেওয়ার ঘটনাও উল্লেখ করেন তিনি।
অন্যদিকে, যেসব শ্রমিক নেতার বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে, তারা গত ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে রয়েছেন বলে জানিয়েছেন সাধারণ শ্রমিকরা। এ বিষয়ে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
রাজশাহীর বোয়ালিয়া থানার ওসি (তদন্ত) এইচ এম সিরাজুর রহমান বলেন, পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
