দলের জন্য দীর্ঘদিনের ত্যাগ ও নির্যাতন সহ্য করেও সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন না পাওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন নেত্রকোনার পরিচিত নারী নেত্রী ও এডভোকেট আরিফা জেসমিন। মনোনয়নবঞ্চিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “এ যন্ত্রণা আমার কাছে মৃত্যুর মতো।”
গণমাধ্যমকর্মীদের কাছে তিনি বলেন, “দলের দুঃসময়ে রাজপথে ছিলাম, মামলা-হামলার শিকার হয়েছি, কারাবরণ করেছি। তৃণমূল থেকে উঠে এসে নারী কর্মীদের সংগঠিত করেছি। অথচ আজ মূল্যায়ন পেলাম না। সংরক্ষিত আসনে মনোনয়ন না পাওয়াটা আমার কাছে মৃত্যুর মতো যন্ত্রণার। আমার কর্মীরা হতাশ।”
তিনি আরও বলেন, “আমি কারো বিরুদ্ধে নই। দলের হাইকমান্ডের প্রতি আমার আস্থা আছে। তবে ত্যাগী ও নির্যাতিতদের মূল্যায়ন না হলে ভবিষ্যতে কর্মীরা রাজপথে নামতে উৎসাহ হারাবে।”
স্থানীয় নেতাকর্মীদের ভাষ্য, এডভোকেট আরিফা জেসমিন দীর্ঘদিন ধরে আইন পেশার পাশাপাশি দলের মহিলা ইউনিটের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছেন। তিনি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য বিগত আন্দোলন-সংগ্রামে তিনি সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং একাধিক রাজনৈতিক মামলার আসামি হয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নারী কর্মী জানান, “আপা আমাদের অভিভাবক। উনার মনোনয়ন না পাওয়ায় আমরা মর্মাহত। দল বিষয়টি পুনর্বিবেচনা করবে বলে আশা করি।”
এ বিষয়ে জেলা পর্যায়ের দায়িত্বশীল কোনো নেতার আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে এক সিনিয়র নেতা বলেন, “মনোনয়ন কেন্দ্রের বিষয়। যোগ্য অনেকেই আছেন। দল যাকে উপযুক্ত মনে করেছে তাকেই মনোনয়ন দিয়েছে। সবাইকে দলের সিদ্ধান্ত মেনে নিতে হবে।”