সারাদেশের মতো মৌলভীবাজার জেলা জুড়ে সুশৃঙ্খল পরিবেশে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল থেকে জেলার সবকটি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে একযোগে শুরু হয় এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা।
এতে প্রতিটি পরীক্ষা কেন্দ্রেই নকল প্রতিরোধে প্রশাসনের তরফে বাড়তি সতর্কতা ছিল লক্ষণীয়।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, এবারের এসএসসি পরীক্ষায় মোট ১৫ হাজার ৬৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১৪ হাজার ৯শ ৪৯ জন উপস্থিত ছিল এবং অনুপস্থিত ছিল ১১৮ জন। দাখিল পরীক্ষায় ৩ হাজার ১শ ২৬ জনের মধ্যে ৩ হাজার ৭৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে, এর মধ্যে অনুপস্থিত ছিল ৫১ জন। এছাড়া এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় মোট ৯শ ১৬ জনের মধ্যে ৮শ ৯৭ জন উপস্থিত ছিল এবং ১৯ জন অনুপস্থিত ছিল।
পরীক্ষার প্রথম দিনে জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। তিনি সদর উপজেলার কাশিনাথ আলাউদ্দীন হাই স্কুল ও কলেজ, টাউন কামিল মাদ্রাসা এবং আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রগুলো পরিদর্শন করেন। এ সময় জেলা প্রশাসকের সাথে ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক, সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্র সচিব, হল সুপার, ট্যাগ অফিসার সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
জেলা সদরের কেন্দ্র পরিদর্শন করে জেলা প্রশাসক কমলগঞ্জ উপজেলার কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয় এবং কমলগঞ্জ সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন, প্রথম দিনের পরীক্ষা অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি কেন্দ্রে পরীক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।
তিনি বলেন, নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন এরই মধ্যে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। প্রতিটি কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে এবং কেন্দ্রগুলো সার্বক্ষণিক মনিটরিংয়ের আওতায় রাখা হয়েছে। কোথাও কোনো অনিয়ম পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এছাড়া পরীক্ষার্থীদের সুবিধার্থে বিশুদ্ধ পানির ব্যবস্থা, প্রাথমিক চিকিৎসা এবং মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।
জেলা প্রশাসক মহোদয় আশা প্রকাশ করেন, প্রথম দিনের মতো বাকি পরীক্ষাগুলোও একইভাবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হবে। তিনি পরীক্ষার্থীদের আত্মবিশ্বাস ও মানসিক স্থিরতা বজায় রেখে পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান জানান।