চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় দেশব্যাপী হাম–রুবেলা টিকাদান ক্যাম্পেইন–২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় ও সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে এবং ইউনিসেফের সহযোগিতায় জঙ্গল সলিমপুরে অবস্থিত এস এম পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়।
উদ্বোধনী দিনে বিদ্যালয় প্রাঙ্গণে স্থাপিত টিকাদান কেন্দ্রে শিশুদের টিকা প্রদানের মাধ্যমে কর্মসূচি শুরু করা হয়। দুপুর ১২টা পর্যন্ত এক কেন্দ্রে মোট ৫৭০ জন শিশুকে হাম–রুবেলা টিকা দেওয়া হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) নুসরাত সুলতানা। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. শেখ ফজলে রাব্বী, চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দেওয়ান সাইদুজ্জামান পাঠান, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলতাফ হোসেন এবং ইউনিসেফ চট্টগ্রামের চিফ অব ফিল্ড মাধুরী ব্যানার্জি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু রোগ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. মুসা, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও চট্টগ্রাম জেলা ড্যাবের সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ডা. বেলায়েত হোসেন ঢালী, ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল চট্টগ্রামের তত্ত্বাবধায়ক ডা. একরাম হোসেন, সহকারী পরিচালক এনএসআই মো. রফিকুল ইসলাম, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভাগীয় সমন্বয়ক ডা. ইমং প্রু চৌধুরি, উপপরিচালক জেলা সমাজসেবা কার্যালয়ের ওমর ফারুক, বিআইটিআইডির ভারপ্রাপ্ত পরিচালক ডা. ইফতেখার হোসেনসহ স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান এস এম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হেলাল উদ্দিন ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুবর্ণা মজুমদার। সভা সঞ্চালনা করেন সিভিল সার্জন কার্যালয়ের ডেপুটি সিভিল সার্জন মো. তৌহিদুল আনোয়ার।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, যারা প্রথম দিনে টিকা নিতে পারেনি, তাদের পর্যায়ক্রমে পরবর্তী সময়ে টিকার আওতায় আনা হবে এবং জেলার সব ইউনিয়নে পর্যায়ক্রমে হাম ও রুবেলা প্রতিরোধে এ টিকাদান কার্যক্রম পরিচালনা করা হবে, যা শিশুস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।