রাজধানীতে জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় আমেলা (নির্বাহী পরিষদ) সভায় নারায়ণগঞ্জ জেলা কমিটিকে ঘিরে অনাস্থা ও একাধিক গুরুতর অভিযোগ উত্থাপনের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল ২০২৬) সকাল ১১টা থেকে পুরানা পল্টনের রিসোর্সফুল টাওয়ারের ১০ম তলায় অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এসব বিষয় আলোচনায় আসে। সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ ফারুক এবং সঞ্চালনা করেন মহাসচিব মাওলানা মঞ্জুর ইসলাম আফেন্দি।
সভায় আলোচ্যসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমানের কার্যক্রম নিয়ে পৃথকভাবে বিষয়টি উপস্থাপন করেন মহাসচিব। এ সময় তার বিরুদ্ধে জেলার গুরুত্বপূর্ণ দায়িত্বশীল নেতাদের স্বাক্ষরিত অনাস্থা ও লিখিত অভিযোগ জমা দেওয়ার বিষয়টি তুলে ধরা হয়।
পরবর্তীতে জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা হারুনুর রশিদ বক্তব্যে বিভিন্ন অভিযোগ উত্থাপন করেন। তিনি দাবি করেন, অতীতে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তথ্য প্রদানসহ সংগঠনবিরোধী নানা কর্মকাণ্ডে সংশ্লিষ্ট থাকার অভিযোগ রয়েছে মাওলানা ফেরদাউসের বিরুদ্ধে। এছাড়া নির্বাচনী কার্যক্রম নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
সভায় উপস্থিত নেতাদের একাংশ জানান, এসব অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে কেন্দ্রীয় কমিটি তদন্তের সিদ্ধান্ত নেয়।
কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী, যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জল হক আজিজকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন—সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া ও সহকারী মহাসচিব মাওলানা নাসির উদ্দিন খান। আগামী ১৫ দিনের মধ্যে (৪ মে ২০২৬) তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সভায় উপস্থিত একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করেন, সভায় অনিয়মের মাধ্যমে অ-সদস্যদের উপস্থিতি এবং বাহিরের লোকজন নিয়ে আসার ঘটনাও ঘটেছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সভায় আরও উপস্থিত ছিলেন—মাওলানা আব্দুর রউফ ইউসুফী, ঢাকা মহানগর সভাপতি মাওলানা মাহবুবুল আলম, নারায়ণগঞ্জ জেলা সভাপতি মুফতী মনির হোসাইন কাসেমী, সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি মাওলানা তৈয়ব আল হুসাইনীসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।