স্বাস্থ্যসেবার গুণগত মান উন্নয়ন ক্যাটাগরিতে বাংলাদেশের সকল উপজেলার মধ্যে সেরা হওয়ার স্বীকৃতি অর্জন করেছেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানসিভ জুবায়ের নাদিম। এ অর্জনের স্বীকৃতিস্বরূপ তিনি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর নিকট থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন।
আজ ১৮ এপ্রিল (শনিবার) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সম্মিলন-২০২৬ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে এই পুরস্কার বিতরণ করেন।
এই অসামান্য সাফল্যে ফরিদপুর জেলার স্বাস্থ্য বিভাগের মধ্যে আনন্দ ও গর্বের পরিবেশ সৃষ্টি হয়েছে। ফরিদপুর সিভিল সার্জন অফিসের পক্ষ থেকে জেলার সিভিল সার্জন মাহমুদুল হাসান তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
স্বাস্থ্য বিভাগ সংশ্লিষ্টরা জানান, এই স্বীকৃতি শুধু একজন কর্মকর্তার ব্যক্তিগত অর্জন নয়; বরং ফরিদপুর জেলার সামগ্রিক স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টার ফল। তারা আশা প্রকাশ করেন, এই অর্জন ভবিষ্যতে জেলার স্বাস্থ্যসেবা কার্যক্রমকে আরও গতিশীল ও মানসম্মত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ ধরনের স্বীকৃতি ফরিদপুরবাসীর জন্য গর্বের বিষয় এবং স্বাস্থ্যখাতে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সংশ্লিষ্টদের আরও অনুপ্রাণিত করবে বলে সংশ্লিষ্ট মহল প্রত্যাশা ব্যক্ত করেছে।