মেয়ের বিয়ের মাত্র সাত মাস না যেতেই নিজ বেয়াইয়ের সঙ্গে সম্পর্ক গড়ে তুলে বাড়ি ছাড়ার অভিযোগ উঠেছে এক প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম হিন্দু পাড়া এলাকায়, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় সাত মাস আগে মেয়ের বিয়ে দেওয়ার পর থেকেই অভিযুক্ত নারী লিপিকা শর্মা মেয়ের শ্বশুরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়েন। ধীরে ধীরে সেই সম্পর্ক গভীরতায় পৌঁছালে একপর্যায়ে তিনি গত ১২ এপ্রিল সন্ধ্যায় বাড়ি ছেড়ে চলে যান।
প্রবাসীর পরিবারের অভিযোগ, বাড়ি ছাড়ার সময় লিপিকা শর্মা শুধু পালিয়েই যাননি, বরং বিদেশে কর্মরত স্বামীর পাঠানো বাড়ি নির্মাণের জন্য রাখা প্রায় ৫ লাখ টাকা এবং আনুমানিক ২ ভরি স্বর্ণও সঙ্গে নিয়ে গেছেন।
পরিবারের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়, বেয়াই যখন ছেলের শ্বশুরবাড়িতে বেড়াতে আসতেন, তখন প্রায়ই ছোট মেয়েকে বাড়ির বাইরে পাঠিয়ে লিপিকা শর্মা অসামাজিক কার্যকলাপে লিপ্ত হতেন।
এদিকে গত ১৪ এপ্রিল রাতে অভিযুক্ত লিপিকা শর্মা পরিবারের সদস্যদের মোবাইলে একটি ডিভোর্স পেপার পাঠান। এর মাধ্যমে প্রবাসী স্বামী ও তার পরিবার পুরো ঘটনার বিষয়ে নিশ্চিত হন বলে জানা গেছে।
ঘটনার পর থেকে অভিযুক্ত নারী ও তার সঙ্গে পালিয়ে যাওয়া বেয়াইয়ের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায়নি।
এ ঘটনায় প্রবাসী স্বামী মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে পরিবার জানায়। বিদেশে কঠোর পরিশ্রম করে উপার্জিত অর্থ ও স্বর্ণ হারানোর পাশাপাশি স্ত্রীর এমন আচরণ তিনি কোনোভাবেই মেনে নিতে পারছেন না। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।
এদিকে ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বিষয়টির সুষ্ঠু সমাধান ও আইনগত পদক্ষেপের দাবি জানিয়েছেন।