বাংলা নববর্ষ উদযাপনের দিনে নরসিংদীতে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধে অবমাননার অভিযোগ উঠেছে। জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন নামফলক সম্বলিত এই স্মৃতিসৌধে জুতা পায়ে ঘোরাফেরা, সেলফি তোলা এবং শিশুদের খেলাধুলার ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
গত মঙ্গলবার (১৪ এপ্রিল) বর্ষবরণ উপলক্ষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্মৃতিসৌধ এলাকায় ভিড় করেন। তবে সেখানে শ্রদ্ধা প্রদর্শনের পরিবর্তে অনেকে জুতা পায়ে স্মৃতিসৌধের ওপর হেঁটে বেড়ান এবং ছবি তুলতে ব্যস্ত থাকেন। একই সঙ্গে কিছু শিশুকে সেখানে খেলাধুলায় মেতে উঠতেও দেখা যায়।
স্থানীয় সচেতন মহল ও বিশিষ্টজনরা এ ঘটনাকে শহীদদের প্রতি চরম অসম্মান হিসেবে আখ্যা দিয়েছেন। তাদের অভিযোগ, স্মৃতিসৌধটির যথাযথ রক্ষণাবেক্ষণ ও তদারকির অভাবে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে স্থানীয় বিশিষ্টজনরা জেলা প্রশাসনের ব্যর্থতাকে দায়ী করে তীব্র নিন্দা জানিয়েছেন এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তারা স্মৃতিসৌধ এলাকায় নিয়মিত তদারকি, সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
এ ঘটনায় নরসিংদী জুড়ে সমালোচনার ঝড় উঠেছে। শহীদদের স্মৃতির প্রতি সম্মান রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ কামনা করেছেন সচেতন নাগরিকরা।